সাতক্ষীরার দেবহাটে ওয়াহিদুজ্জামান শামীমের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের নিরপেক্ষ তদন্ত সম্পন্ন না করেই বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দায়ী করার অপচেষ্টার দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই প্রতিবাদের কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে উল্লেখ করা হয়, দেবহাটে ওয়াহিদুজ্জামান শামীমের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনতে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত অত্যন্ত জরুরি। তবে তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার আগেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতে ইসলামীকে এই ঘটনার সঙ্গে জড়িয়ে ফেলার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে দাবি করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী আইনের শাসন, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক সংগঠন। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হলে তার বিচার করার দায়িত্ব আইন ও আদালতের। আইন নিজের হাতে তুলে নেওয়া কিংবা কাউকে গণপিটুনি দিয়ে বিচারবহির্ভূতভাবে শাস্তি দেওয়ার কোনো সুযোগ নেই এবং জামায়াতে ইসলামী এ ধরনের কর্মকাণ্ড সমর্থন করে না।
মিয়া গোলাম পরওয়ার সতর্ক করে বলেন, “প্রকৃত তথ্য-প্রমাণ যাচাই না করে কোনো রাজনৈতিক দলকে দায়ী করা হলে মূল ঘটনা আড়াল হয়ে যেতে পারে। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি সৃষ্টি করা অনভিপ্রেত।”
বিবৃতিতে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান যেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করা হয় এবং নিহতের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হয়। একইসঙ্গে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয় যেন যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বা অভিযোগ প্রচার করা না হয়।