নোয়াখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালের দিকে এই কর্মসূচি পালিত হয় বলে দাবি করেছেন সংগঠনটির বেশ কয়েকজন নেতা। এই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি জানাজানি হয়।
স্থানীয় বাসিন্দা এবং ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওর তথ্যানুসারে জানা গেছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্বদেশ প্রত্যাবর্তন’ কামনা করে প্রথমে একটি সভা আয়োজন করে এই নিষিদ্ধ ছাত্রসংগঠনটি। নোয়াখালীর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। সভা শেষ হওয়ার পর তারা একটি বিক্ষোভ মিছিল বের করে।
মিছিল শেষে নিষিদ্ধ সংগঠনটির একাধিক নেতা ও কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করলে বিষয়টি সবার নজরে আসে। এর পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই এলাকায় খোঁজখবর নেওয়া শুরু করে।
ফেসবুকে প্রচারিত ভিডিওটির দৈর্ঘ্য ১ মিনিট ১৩ সেকেন্ড। ভিডিওতে দেখা যায়, আলোচনা সভায় দলের একাধিক নেতা বক্তব্য প্রদান করছেন। সভা শেষ করে তারা একটি বিক্ষোভ মিছিল করেন এবং মিছিলে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। ওই কর্মসূচিতে প্রায় ৪০ থেকে ৫০ জন উপস্থিত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
এই বিষয়ে জানতে চাওয়া হলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, “নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির ভিডিওটি দেখার পর ওই কর্মসূচি পালনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।”