রাজধানীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) এক প্রকল্প পরিচালককে হেনস্তা ও মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে হাসানুর জামান মিন্টু নামের এক ব্যক্তির বিরুদ্ধে। একটি ইলেকট্রনিক টেন্ডার প্রক্রিয়া নিয়ে বিরোধের জেরে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে অধিদপ্তরের নিজস্ব কার্যালয়ে এই ঘটনাটি ঘটে বলে অভিযোগ করেছেন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের পরিচালক মোস্তফা কামাল।

এদিকে প্রকল্প পরিচালকের কক্ষে ঘটে যাওয়া এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। চার মিনিটের ওই ফুটেজে দেখা যায়, বুধবার দুপুর ১টা ৪২ মিনিট থেকে ১টা ৪৬ মিনিট পর্যন্ত হাসানুর জামান মিন্টু প্রকল্প পরিচালকের কক্ষে অবস্থান করছিলেন। সেখানে বসে মিন্টু মুঠোফোনে কথা বলছিলেন। ওই সময়ে প্রকল্পের একটি টেন্ডারে সাউন্ড সিস্টেম সরবরাহের ক্ষেত্রে আইএসও সনদ চাওয়ার শর্ত নিয়ে আলোচনা চলছিল। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি এই শর্তের বিষয়ে আপত্তি জানান। আলোচনার একপর্যায়ে প্রকল্প পরিচালককে উদ্দেশ্য করে তাকে ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’ বলতে শোনা যায়।

ঘটনাটি বর্ণনা করে প্রকল্প পরিচালক মোস্তফা কামাল জানান, বুধবার দুপুরে তিনি যখন নিজ কার্যালয়ে প্রবেশ করেন, ঠিক তার পেছনে পেছনে হাসানুর জামান মিন্টু ও মিলন নামের দুজন ব্যক্তি কক্ষে ঢোকেন। তারা প্রকল্পের চলমান একটি ইলেকট্রনিক টেন্ডার তাদের দেওয়ার দাবি জানান। জবাবে তিনি তাদের জানান, নিয়ম অনুযায়ী টেন্ডার প্রক্রিয়ায় অংশ নিতে হবে এবং যিনি যোগ্য বিবেচিত হবেন, তাকেই কাজ দেওয়া হবে।

তিনি আরও জানান, ওই সময় মিন্টু মুঠোফোনে একজনের সঙ্গে কথা বলছিলেন এবং ফোনের অপর প্রান্ত থেকে তাকে গালাগাল করা হচ্ছিল। এতে মোস্তফা কামাল বিব্রত বোধ করেন এবং তাকে ফোন রাখতে বলেন। এরপর মিন্টু যেকোনো উপায়ে টেন্ডারটি দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। অন্যথায় তাকে থাপ্পড় মারার হুমকি দেওয়া হয় এবং মারতে উদ্যত হন বলে অভিযোগ করেন প্রকল্প পরিচালক।

প্রকল্প পরিচালক আরও জানান, গণপূর্ত অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে আলোচনার মাধ্যমেই ওই শর্ত যুক্ত করা হয়েছে। তখন ফোনের অপর প্রান্তের ব্যক্তিটি ১৭ বছর বঞ্চিত থাকার কথা উল্লেখ করেন। এর জবাবে প্রকল্প পরিচালক বলেন, ‘নেতা আমিও ছিলাম।’ এরপরই তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটে। মোস্তফা কামাল অভিযোগ করেন, তিনি যখন ঘটনার প্রতিবাদ করেন, তখন মিন্টু তাকে নানা ধরনের হুমকি প্রদান করেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন হাসানুর জামান মিন্টু। তিনি বলেন, “আমি কেন তাকে হুমকি দেব? থাপ্পড় দেওয়ার চেষ্টা করব কেন? এসব মিথ্যা। পিডির টেন্ডার দেওয়ার ক্ষমতা আছে। আমি তাকে থাপ্পড় দিতে যাইনি।”