টানা পাঁচ ম্যাচে জয়ের খরায় ভুগছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে হতাশাজনক শুরুর পর চ্যাম্পিয়ন্স লিগেও পরাজয়ের মুখ দেখেছে ক্লাবটি। এই শোচনীয় পরিস্থিতির কারণে রেড ডেভিলদের প্রধান কোচ মাইকেল ক্যারিকের ওপর ক্রমাগত চাপ বাড়ছে। এরই মধ্যে তার সম্ভাব্য বিকল্প হিসেবে তিন জন অভিজ্ঞ কোচের নাম আলোচনায় উঠে এসেছে। তবে ইউনাইটেড কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনই ক্যারিককে সরিয়ে দেওয়ার কোনো আনুষ্ঠানিক পরিকল্পনা করা হয়নি।
গত মঙ্গলবার (১৩ অক্টোবর) চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে আতলেটিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে পরাজিত হয়েছে ইউনাইটেড। এর ঠিক আগে প্রিমিয়ার লিগে টটেনহামের মুখোমুখি হয়ে ১-১ গোলে ড্র করে তারা। সব মিলিয়ে টানা পাঁচ ম্যাচে জয়ের দেখা পায়নি ক্যারিকের শিষ্যরা। ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ছয় ম্যাচে মাত্র ৬ পয়েন্ট সংগ্রহ করে তালিকার ১৩তম স্থানে অবস্থান করছে ইউনাইটেড। গত ৪০ বছরের ইতিহাসে লিগে নিজেদের সবচেয়ে বাজে শুরুর অভিজ্ঞতা বর্তমানে মোকাবিলা করছে তারা।
এমন সংকটময় মুহূর্তে ক্যারিকের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম টকস্পোর্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, কোচ পরিবর্তনের প্রয়োজন হলে কাদের দায়িত্ব দেওয়া যেতে পারে, তা নিয়ে ভাবনাচিন্তা করছে ইউনাইটেড কর্তৃপক্ষ। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন ব্রাইটনের ফাবিয়ান হুরজেলার, জার্মানি জাতীয় দলের সাবেক কোচ জুলিয়ান নাগেলসমান এবং ইতালির আন্তোনিও কন্তে।
টকস্পোর্টের দাবি অনুযায়ী, ইউনাইটেডের ফুটবল পরিচালক জেসন উইলকক্সের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন ব্রাইটনের ফাবিয়ান হুরজেলার। চলতি মৌসুমে ব্রাইটনকে প্রিমিয়ার লিগের তৃতীয় স্থানে নিয়ে এসেছেন এই জার্মান কোচ। তবে ২০২৯ সাল পর্যন্ত ব্রাইটনের সঙ্গে তার চুক্তি থাকায় তাকে দলে টানা সহজ হবে না বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, ইউনাইটেডের নিয়োগ বিভাগের পরিচালক ক্রিস্টোফার ভিভেলের পছন্দ জুলিয়ান নাগেলসমান। ২০২৬ বিশ্বকাপের পর জার্মানি জাতীয় দলের দায়িত্ব ছেড়েছেন তিনি। বর্তমানে কোনো দলের দায়িত্বে না থাকায় তাকে নিয়োগ দেওয়ার সুযোগ রয়েছে ইউনাইটেডের সামনে। তবে দুই কর্মকর্তার ভিন্ন ভিন্ন পছন্দের অর্থ এই নয় যে, নতুন কোচ নিয়োগের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আন্তোনিও কন্তের নামও রয়েছে। চেলসি ও টটেনহামের সাবেক এই কোচের ইংলিশ ফুটবলে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে কোনো দলের দায়িত্বে না থাকা এই ইতালিয়ান কোচের নামও দেশটির সংবাদমাধ্যমে ইউনাইটেডের সঙ্গে জড়িয়েছে।
তবে বিকল্প কোচ নিয়ে আলোচনা চললেও ভিন্ন মত দিয়েছেন দলবদলবিষয়ক জনপ্রিয় সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তার দাবি, ক্যারিককে তাৎক্ষণিকভাবে সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই ইউনাইটেডের। এমনকি নতুন কোচ নিয়োগের বিষয়ে অন্য কারও সঙ্গে আনুষ্ঠানিক আলোচনাও শুরু করেনি ক্লাবটি।
একই ধরনের তথ্য জানিয়েছেন দ্য অ্যাথলেটিকের সাংবাদিক ডেভিড অর্নস্টেইন। তার মতে, ইউনাইটেড কর্তৃপক্ষ এখনো ক্যারিকের পাশে রয়েছে এবং তাকে সফল হতে দেখতে চায়। তবে দলের সাম্প্রতিক ফলাফল ও পারফরম্যান্স নিয়ে ক্লাবের ভেতরে গভীর উদ্বেগ রয়েছে। দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে এই সমর্থন কতদিন বজায় থাকবে, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।
এদিকে আতলেটিকোর কাছে হারের পর ইউনাইটেডের দলবদল নীতির প্রকাশ্য সমালোচনা করেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। ফুটবল পরিচালক উইলকক্সের কাছে আরও বেশি প্রত্যাশা ছিল বলে জানিয়েছেন তিনি। যদিও কোচ ক্যারিক ও সতীর্থদের প্রতি নিজের আস্থার কথা বলেছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
গত জানুয়ারিতে রুবেন আমোরিমের বিদায়ের পর ইউনাইটেডের দায়িত্ব নিয়েছিলেন ক্যারিক। তার অধীনে গত মৌসুমে প্রিমিয়ার লিগে তৃতীয় হয়ে চ্যাম্পিয়নস লিগে ফেরার পথ খুঁজে পায় দলটি। সেই সাফল্যের পর তাকে স্থায়ীভাবে কোচের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু নতুন মৌসুমের শুরুতেই কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন সাবেক এই ইংলিশ মিডফিল্ডার।
আগামী রোববার (১৮ অক্টোবর) প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের মাঠে খেলতে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। সেই ম্যাচে ক্যারিকের দল কেমন ফলাফল করে, তার ওপরই অনেকাংশে নির্ভর করছে এই ইংলিশ কোচের ভাগ্য।