ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ ক্লাবের অভ্যন্তরীণ সমালোচনা করে বিতর্কিত মন্তব্য করার পর ক্ষমা চেয়েছেন। তবে ক্ষমা চাইলেও শাস্তি এড়াতে পারেননি এই সেন্টার-ব্যাক।

গত মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলের ব্যবধানে পরাজিত হয় ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচ পরবর্তী এক প্রতিক্রিয়ায় মার্তিনেজ দাবি করেছিলেন যে, কোচ মাইকেল ক্যারিককে ক্লাব পর্যাপ্ত শক্তিশালী দল উপহার দিতে ব্যর্থ হয়েছে।

এই ঘটনার পর গতকাল ইউনাইটেড কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠকে বসেন মার্তিনেজ। বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করেন ২৮ বছর বয়সী এই ফুটবলার। সেখানে তিনি লেখেন, ‘আজ (গতকাল) আমি ক্লাবের নেতৃত্ব ও কোচের সঙ্গে বৈঠক করেছি। অত্যন্ত ইতিবাচক আলোচনা ছিল, যেখানে আমরা মতামত বিনিময় করতে পেরেছি এবং মঙ্গলবারের ম্যাচের পর যা ঘটেছে সে বিষয়ে খোলামেলা কথা বলতে পেরেছি।’

নিজের আচরণের জন্য ক্ষমা চেয়ে মার্তিনেজ আরও বলেন, ‘সবাই জানে যে আমি আবেগপ্রবণ মানুষ এবং প্রচণ্ডভাবে ফুটবলকে ধারণ করি। হারের হতাশায় এমন এক সময়ে ও স্থানে নিজের অনুভূতি প্রকাশ করেছি, যা হয়তো সঠিক ছিল না, আর সেটির জন্য আমি ক্ষমা চাচ্ছি।’

বিবিসি-র দেওয়া তথ্য অনুযায়ী, মেজাজ হারিয়ে ক্লাবের সমালোচনা করায় মার্তিনেজকে জরিমানা করেছে ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ।

আতলেতিকোর কাছে হারের পর মার্তিনেজ বলেছিলেন যে, তিনি ম্যানচেস্টার ইউনাইটেড স্কোয়াডে আরও বিনিয়োগ এবং ‘টেকনিক্যাল ডিরেক্টরের (জেসন উইলকক্স) কাছ থেকে আরও বেশি কিছু’ আশা করেছিলেন। চার বছর আগে আয়াক্স থেকে ইউনাইটেডে যোগ দেওয়া এই ডিফেন্ডার পরবর্তীতে জানান, তিনি মূলত ‘রাগ ও হতাশা থেকে’ ওই মন্তব্যগুলো করেছিলেন।

অন্যদিকে, ‘দ্য ওভারল্যাপ’ পডকাস্টে ইউনাইটেডের সাবেক অধিনায়ক রয় কিন ওল্ড ট্র্যাফোর্ডের বর্তমান পরিস্থিতিকে ‘একধরনের সার্কাস’ হিসেবে অভিহিত করেছেন। মার্তিনেজ তার বিবৃতিতে এই পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, ‘আমরা যখন সবাই ঐক্যবদ্ধ থাকি, আমাদের ক্লাব তখনই সবচেয়ে ভালো অবস্থানে থাকে। স্বীকার করছি যে সেই মুহূর্তে আমার কথাগুলো তাতে সাহায্য করেনি।’

আগামী রোববার প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। কোচ মাইকেল ক্যারিক এই গুরুত্বপূর্ণ ম্যাচে মার্তিনেজকে দলে রাখেন কি না, তা এখন দেখার বিষয়। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, ওল্ড ট্র্যাফোর্ডে মার্তিনেজের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ এখন চরম শঙ্কার মুখে পড়েছে।

মৌসুম শেষে ইউনাইটেডের সঙ্গে মার্তিনেজের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। যদিও চুক্তির মেয়াদ আরও ১২ মাস বাড়ানোর সুযোগ রয়েছে, তবে ইউনাইটেড কর্তৃপক্ষ সেই পদক্ষেপ নেবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। চলতি প্রিমিয়ার লিগ মৌসুমে প্রথম ছয় ম্যাচে মাত্র ৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার ১৩ নম্বরে রয়েছে ইউনাইটেড, যা গত ৪০ বছরের মধ্যে তাদের সবচেয়ে বাজে শুরুর রেকর্ড।