চাঁদাবাজ এবং স্বৈরাচারী শক্তির একীভূত হয়ে যাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর দাবি, বর্তমানে বিএনপি আওয়ামী লীগের সন্ত্রাসী ও চাঁদাবাজদের নিজেদের স্বার্থে ব্যবহার করছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শরীয়তপুরে এক নাগরিক সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি, সারের ডিলার নিয়োগে দলীয়করণ এবং চাকরিতে নিয়োগ-বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদ জানাতে এই সভার আয়োজন করা হয়। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শরীয়তপুর জেলা শাখা এই নাগরিক সভার আয়োজন করে।
বক্তব্যের এক পর্যায়ে নাহিদ ইসলাম বলেন, “নির্বাচনের আগে আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়েছিল বিএনপি। তারা একটি সমঝোতার মাধ্যমে নির্বাচনে জয়লাভ করেছে। এরপর আওয়ামী লীগের ভালো-মন্দ মিলিয়ে সারা দেশে মামলা-বাণিজ্য করেছে। সেই মামলার ভয় দেখিয়ে ভোট কিনেছে এবং আওয়ামী লীগের সন্ত্রাসী ও চাঁদাবাজদের নিজেদের কাজে ব্যবহার করছে। ফলে আমরা দেখছি চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে যাচ্ছে।”
তিনি আরও অভিযোগ করেন যে, বিএনপি সরকার আওয়ামী লীগের মতোই দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস এবং সিন্ডিকেটের মাধ্যমে দেশ পরিচালনা করছে। তাঁর মতে, বর্তমানে দেশের পরিস্থিতি এমন যে বিদেশে আওয়ামী লীগ এবং দেশে বিএনপি—এই দুই দলের কারণে সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পাচ্ছে না। এর ফলে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা নষ্ট হয়ে গেছে বলে তিনি মনে করেন।
বিএনপির আন্দোলন নিয়ে কথা বলতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, “বিএনপির পক্ষে যদি আওয়ামী লীগকে পরাজিত করে ক্ষমতায় আসা সম্ভব হতো, তাহলে বিগত ১৬ বছরে এককভাবেই তারা সেটি করতে সক্ষম হতো। কিন্তু আমরা দেখেছি, গত ১৬ বছরে তারা রাজপথে একটি শক্তিশালী আন্দোলনও গড়ে তুলতে পারেনি।”
তারেক রহমানের বিষয়ে তিনি স্পষ্টভাবে বলেন, “এ দেশের ছাত্র-জনতা রাজপথে নেমে না এলে, সাধারণ মানুষ জীবন না দিলে তারেক রহমান কোনোদিন লন্ডন থেকে বাংলাদেশে আসতে পারতেন না।”
ক্ষমতার নশ্বরতা উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, স্বৈরাচারী সরকারের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। তিনি সতর্ক করে বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। তাঁর ভাষায়, “দুই-তৃতীয়াংশ আসন নিয়ে যদি আপনারা মনে করেন দেশ কিনে নিয়েছেন, এ দেশের মালিক আপনারা হয়ে গেছেন, তাহলে অতীতের দিকে তাকান। আওয়ামী লীগও একইভাবে চিন্তা করত। আজ তাদের অবস্থান কোথায়?”
জাতীয় নাগরিক পার্টির শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সবুজ তালুকদারের সঞ্চালনায় এই নাগরিক সভাটি অনুষ্ঠিত হয়। সভায় আরও বক্তব্য প্রদান করেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এবং সদস্য ইমরান হোসেন।
অনুষ্ঠানে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সদস্য মাহবুব আলম জয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলার সাবেক আহ্বায়ক ইমরান আল নাজিরসহ জাতীয় নাগরিক পার্টির জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।