সার্কভুক্ত দেশগুলোর যৌথ উদ্যোগে ভারতের নয়াদিল্লিতে প্রতিষ্ঠিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটি (এসএইউ)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।
ইউজিসি থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৮ ও ৯ অক্টোবর নয়াদিল্লিতে বিশ্ববিদ্যালয়টির ১৬তম গভর্নিং বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অধ্যাপক মামুন আহমেদকে পরবর্তী মেয়াদের জন্য চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।
এর মাধ্যমে তিনি শ্রীলঙ্কার প্রতিনিধি অধ্যাপক কাপিলা সেনেভিরত্নের স্থলাভিষিক্ত হলেন, যিনি এই পর্ষদের বিদায়ী চেয়ারম্যান ছিলেন। উল্লেখ্য, অধ্যাপক কাপিলা সেনেভিরত্নের সভাপতিত্বেই ১৬তম বোর্ড সভাটি সম্পন্ন হয়। বোর্ডের নির্ধারিত নিয়ম অনুযায়ী, চেয়ারম্যানের মেয়াদ হবে পরপর দুটি সভা অথবা নির্বাচনের তারিখ থেকে সর্বোচ্চ দুই বছর—এর মধ্যে যেটি আগে কার্যকর হবে।
নিজের এই নতুন দায়িত্ব প্রসঙ্গে অধ্যাপক মামুন আহমেদ বলেন, “সাউথ এশিয়ান ইউনিভার্সিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হওয়া অত্যন্ত সম্মান ও মর্যাদার।” তিনি আরও জানান, অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের পাশাপাশি তিনি বাংলাদেশের শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা বাড়াতে কাজ করবেন।
এর আগে ২০২৪ সালের ২১ আগস্ট অনুষ্ঠিত বোর্ডের ১৩তম সভায় শ্রীলঙ্কার প্রতিনিধি অধ্যাপক কাপিলা সেনেভিরত্নেকে চেয়ারম্যান নির্বাচনের প্রস্তাব গৃহীত হয়েছিল।
অধ্যাপক মামুন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক। ইউজিসির চেয়ারম্যান হিসেবে বর্তমান দায়িত্বভার গ্রহণের আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বৃদ্ধি, জ্ঞান বিনিময় এবং আঞ্চলিক সংহতি জোরদারের লক্ষ্য নিয়ে সার্কভুক্ত আটটি দেশের যৌথ উদ্যোগে ২০১০ সালে নয়াদিল্লিতে এই আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।