সার্কের উদ্যোগে ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রতিষ্ঠিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটি (এসএইউ)-এর গভর্নরস বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

গত ৮ ও ৯ অক্টোবর নয়াদিল্লিতে উক্ত বিশ্ববিদ্যালয়টির ১৬তম গভর্নিং বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় তাকে পরবর্তী মেয়াদের জন্য চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। ইউজিসি থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে অধ্যাপক মামুন আহমেদ বিদায়ী চেয়ারম্যান ও শ্রীলঙ্কার প্রতিনিধি অধ্যাপক কাপিলা সেনেভিরত্নের স্থলাভিষিক্ত হয়েছেন। ধারণা করা হচ্ছে, তার এই নির্বাচন দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষা ও গবেষণায় আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে ২০২৪ সালের ২১ আগস্ট অনুষ্ঠিত বোর্ডের ১৩তম সভায় শ্রীলঙ্কার প্রতিনিধি অধ্যাপক কাপিলা সেনেভিরত্নেকে পরবর্তী চেয়ারম্যান হিসেবে নির্বাচনের প্রস্তাব গৃহীত হয়েছিল। তিনি বোর্ডের ১৪তম ও ১৫তম সভায় সভাপতিত্ব করেন। পরবর্তীতে নতুন চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়ায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অধ্যাপক মামুন আহমেদ এই দায়িত্ব লাভ করেন।

অধ্যাপক মামুন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক। ইউজিসির চেয়ারম্যান হিসেবে বর্তমান দায়িত্ব গ্রহণের আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করেছেন।