রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি নতুন শাখা অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে।
গত রোববার (৪ অক্টোবর) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ আনুষ্ঠানিকভাবে এই শাখা অফিসটির উদ্বোধন করেন। এই বিশেষ মুহূর্তটিকে স্মরণীয় করতে সেখানে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
নতুন এই শাখা অফিস থেকে ইউজিসির বেশ কিছু গুরুত্বপূর্ণ বিভাগের দাপ্তরিক কাজ পরিচালিত হবে। এর মধ্যে রয়েছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স, জনসংযোগ ও প্রকাশনা এবং অডিট বিভাগ।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বর্তমান অবকাঠামোগত সীমাবদ্ধতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, “বর্তমান ইউজিসি ভবনটি দীর্ঘদিনের পুরোনো এবং এটি ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। একই সঙ্গে দেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ও উচ্চশিক্ষা কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও সে তুলনায় ইউজিসির অবকাঠামো ও জনবল পর্যাপ্ত নয়। বর্তমানে দেশে ১৮০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম যথাযথভাবে তদারকি, সমন্বয় ও পরিচালনায় ইউজিসির সক্ষমতা আরও বাড়ানো প্রয়োজন। কিন্তু বর্তমান ভবনে কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রয়োজনীয় কর্মপরিবেশ ও পর্যাপ্ত জায়গার সংকট রয়েছে।”
ইউজিসির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি আরও জানান, “ইউজিসির পুরোনো ভবন ভেঙে আধুনিক ও প্রয়োজনভিত্তিক নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নতুন ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) প্রণয়ন করা হবে। আগামী দুই বছরের মধ্যে নতুন ভবনের নির্মাণকাজ শুরু করার লক্ষ্য নিয়ে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।”
উক্ত অনুষ্ঠানে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক ড. নিয়াজ আহমদ চৌধুরী এবং সচিব ড. মো. ফখরুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।