জীবন রক্ষাকারী ওষুধের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার আওতাভুক্ত রাখতে সাশ্রয়ী উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
শনিবার (১০ অক্টোবর) নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস সম্মেলন (আইসিপিএস-২০২৬)-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে তিনি বলেন, ‘নতুন ওষুধ উদ্ভাবনের পাশাপাশি তা যেন ধনী-গরিব সবার নাগালে থাকে, তা নিশ্চিত করতে হবে।’
আধুনিক প্রযুক্তির সম্ভাবনা নিয়ে কথা বলে অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ওষুধ আবিষ্কার, ন্যানোমেডিসিন ও লক্ষ্যভিত্তিক চিকিৎসা-পদ্ধতি ওষুধবিজ্ঞানে নতুন সম্ভাবনা তৈরি করছে। এসব প্রযুক্তি ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
গবেষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘ওষুধ উদ্ভাবনের পাশাপাশি উৎপাদন ব্যয় কমানোর বিষয়টিও গবেষকদের বিবেচনায় নিতে হবে। প্রযুক্তির উন্নয়নের সুফল যেন শুধু সচ্ছল মানুষের মধ্যে সীমাবদ্ধ না থাকে, তা নিশ্চিত করা জরুরি। উচ্চপ্রযুক্তির সঙ্গে মানবিক দায়বদ্ধতার সমন্বয় ঘটিয়ে আর্থিক সামর্থ্য নির্বিশেষে সবার চিকিৎসার সুযোগ নিশ্চিত করতে হবে।’
ইউজিসি চেয়ারম্যান গবেষক এবং শিক্ষার্থীদের নতুন ও সৃজনশীল ধারণা নিয়ে কাজ করার পাশাপাশি বড় স্বপ্ন দেখার পরামর্শ দেন। তিনি মানবকল্যাণকে গবেষণার মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করার ওপর গুরুত্বারোপ করেন।
নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালায়ার যৌথ উদ্যোগে এই আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। ১০ থেকে ১২ অক্টোবর পর্যন্ত চলমান এই সম্মেলনের প্রতিপাদ্য হলো ‘ইনোভেশনস ইন ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস ফর গ্লোবাল হেলথ অ্যাডভান্সমেন্ট’।
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হোসেন শাহরিয়ার, মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালায়ার ড. মোহাম্মদ ফৌজি আবদুল জলিল এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার সাহা।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজীর আহমেদ ও এম এ কাশেম উপস্থিত ছিলেন। সবশেষে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক নাসের ইউ আহমেদ ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য যে, এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ভারত ও শ্রীলঙ্কাসহ মোট ১১টি দেশের শিক্ষক, গবেষক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।