নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) সমসাময়িক বিশ্বরাজনীতি, বৈশ্বিক ক্ষমতার পরিবর্তন এবং আন্তর্জাতিক ব্যবস্থার রূপান্তর নিয়ে একটি বিশেষ বক্তৃতার আয়োজন করা হয়। ২০২৬ সালের ৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ভিসি কনফারেন্স রুমে ‘জিও-স্ট্র্যাটেজিক অ্যাসপেক্টস অব গ্লোবাল পলিটিকস’ শীর্ষক এই আলোচনা সভায় বর্তমান বিশ্বের ভূরাজনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক সম্পর্কের বহুমুখী দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট (২০০৪–২০১২), সাবেক প্রতিরক্ষামন্ত্রী (২০০৩–২০০৪) এবং ডেমোক্রেটিক পার্টির সাবেক নেতা বরিস তাদিচ। পুরো অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির সহ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ আহমেদ। এই বিশেষ সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব খান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের (এসবিই) ডিন অধ্যাপক এ কে এম আতিকুর রহমান, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের (এসইপিএস) ডিন অধ্যাপক সাজ্জাদ হোসেন এবং স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের (এসএইচএলএস) ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র।

বক্তৃতার প্রারম্ভিক পর্যায়ে বরিস তাদিচ তাঁর ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা বর্ণনা করেন। তিনি জানান, প্রাথমিক জীবনে রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত না হয়েও তিনি কীভাবে প্রেসিডেন্ট পদের দিকে এগিয়ে গিয়েছিলেন। এরপর তিনি সমসাময়িক বিশ্বরাজনীতিকে প্রভাবিত করা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করেন। বিশেষ করে বিশ্বের ক্ষমতার ভারসাম্যের পরিবর্তন এবং প্রভাবশালী দেশগুলোর কৌশলগত স্বার্থ নিয়ে বিস্তারিত কথা বলেন তিনি। ইউরোপীয় রাজনীতি ও আন্তর্জাতিক বিষয়ে নিজের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে ইউরোপের বর্তমান ভূরাজনৈতিক চ্যালেঞ্জ এবং পরিবর্তনশীল আন্তর্জাতিক ব্যবস্থার বিস্তৃত প্রভাব তিনি তুলে ধরেন।

আলোচনার এক পর্যায়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্কের গুরুত্ব সামনে আসে। বরিস তাদিচ উল্লেখ করেন যে, সার্বিয়া ও ইউরোপের ভূরাজনৈতিক পরিস্থিতি সঠিকভাবে বুঝতে হলে এই শক্তিশালী দেশগুলোর কৌশলগত স্বার্থ এবং পারস্পরিক সম্পর্ক বোঝা অত্যন্ত জরুরি। তিনি সার্বিয়ার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে অভিহিত করেন। একই সঙ্গে এই শক্তিগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি ভারসাম্যপূর্ণ নীতি বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

ইউরোপের নিরাপত্তা এবং সংঘাত প্রতিরোধের গুরুত্ব সম্পর্কে কথা বলে বরিস তাদিচ জানান, বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান সংঘাত এবং পরস্পরের সঙ্গে যুক্ত ভূরাজনৈতিক উত্তেজনা আন্তর্জাতিক পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। সংঘাতগুলো বড় আকার ধারণ করার আগেই তা প্রতিরোধের ওপর গুরুত্ব দেওয়ার কথা তিনি বলেন।

সভাপতির বক্তব্যে এনএসইউর সহ–উপাচার্য অধ্যাপক নেছার ইউ আহমেদ বরিস তাদিচের নর্থ সাউথ ইউনিভার্সিটি সফর এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আন্তর্জাতিক বিষয়ে তাঁর অভিজ্ঞতা ও মতামত ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এ ধরনের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা আমাদের বৈশ্বিক নেতাদের কাছ থেকে শেখার এবং সমসাময়িক ভূরাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে গভীরভাবে জানার সুযোগ তৈরি করে।’