গত শুক্রবার ঢাকার রিজেন্সি হোটেলে 'এআই অটোমেশন সামিট ২০২৬' নামের একটি বিশেষ ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। মাইএআইয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই দিনব্যাপী আয়োজনে প্রায় ২৫০ জন উদ্যোক্তা, ব্যবসায়ী এবং পেশাজীবী অংশগ্রহণ করেন। মাইএআই এবং আইডিয়ান সেন্টার ফর বিজনেস এক্সিলেন্সের (আইসিবিই) যৌথ উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়।

আয়োজনটির মূল লক্ষ্য ছিল ব্যবসায়িক কার্যক্রমের বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করা। বিশেষ করে, এআই টুল ব্যবহারের প্রাথমিক ধাপ থেকে শুরু করে ধীরে ধীরে এআই এজেন্ট ও অটোমেশনের মাধ্যমে কীভাবে একটি পূর্ণাঙ্গ এআই-চালিত ব্যবসায়িক মডেল গড়ে তোলা যায়, সেই দিকনির্দেশনা প্রদান করা হয় এই সামিটে।

'এআই অটোমেশন ফর বিজনেস' শীর্ষক প্রশিক্ষণ অধিবেশনে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) সহযোগী অধ্যাপক এবং মাইএআইয়ের সহপ্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফ নোমান খান ও আইডিয়ান কনসাল্টিংয়ের প্রতিষ্ঠাতা এবং মাইএআইয়ের সহপ্রতিষ্ঠাতা মার্ক অনুপম মল্লিক। এছাড়া প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন আইডিয়ান কনসাল্টিংয়ের কনসাল্টিং পার্টনার ও সিওও এবং মাইএআইয়ের পরিচালক আদনান রাফিদ, কুইক গ্রোথের প্রতিষ্ঠাতা ও আইসিবিইর সহপ্রতিষ্ঠাতা মেহেদী হাসান এবং হাতবাক্সের প্রতিষ্ঠাতা ও আইসিবিইর সহপ্রতিষ্ঠাতা শাফাত কাদির।

দিনব্যাপী পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ সেশনে ব্যবসায়িক প্রসারে এআই-এর বাস্তব প্রয়োগের উদাহরণ দেখানো হয়। এর মধ্যে ছিল কনটেন্ট পরিকল্পনা ও বিপণন, বিক্রয় ও গ্রাহক ব্যবস্থাপনা, বিজনেস রিসার্চ ও ইন্টেলিজেন্স, পণ্য উন্নয়ন, টিম প্রোডাক্টিভিটি, এআই এজেন্ট, ওয়ার্কফ্লো অটোমেশন এবং এআই টেক স্ট্যাকের মতো গুরুত্বপূর্ণ বিষয়সমূহ।

অনুষ্ঠানের দ্বিতীয় অংশে সন্ধ্যা ছয়টা থেকে একটি বিশেষ সেশনের আয়োজন করা হয়। এই অংশে বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা তাঁদের নিজ নিজ পেশায় এআই-এর ব্যবহার, সম্ভাবনা এবং ভবিষ্যৎ নিয়ে অভিজ্ঞতা ও মতামত বিনিময় করেন।

'এআইকন' নামের এই বিশেষ অংশে বক্তব্য প্রদান করেন ব্র্যাক ব্যাংক পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আবদুল মোমেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির চিফ ডিজিটাল অফিসার খালিদ হোসাইন, অপটিম্যাক্স কমিউনিকেশন লিমিটেডের পরিচালক ও সিইও এবং নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার, ড্যাফোডিল গ্রুপের নির্বাহী পরিচালক (স্কিলস) কে এম হাসান, আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান এবং ব্রেইন স্টেশন ২৩–এর প্রিন্সিপাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার মো. রাফিউল হাসান।

আয়োজনের শেষ পর্যায়ে মাইএআই ও আইসিবিই-এর ফ্ল্যাগশিপ প্রোগ্রাম হিসেবে 'এআই বিজনেস একসিলারেটর' ঘোষণা করা হয়। প্রায় সাড়ে চার মাস মেয়াদী এই কর্মসূচিটিকে একটি বাস্তবমুখী এআই প্রোগ্রাম হিসেবে ডিজাইন করা হয়েছে। এখানে কেবল এআই টুল ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ না থেকে ব্যবসার মার্কেটিং, সেলস, কাস্টমার ম্যানেজমেন্ট, অপারেশনস, রিসার্চ, ফাইন্যান্স এবং সিদ্ধান্ত গ্রহণের মতো গুরুত্বপূর্ণ কাজগুলোতে এআই-এর বাস্তব প্রয়োগ নিয়ে কাজ করা হবে। একই সাথে অংশগ্রহণকারীরা তাঁদের নিজস্ব ব্যবসার জন্য প্রয়োজনীয় এআই ওয়ার্কফ্লো, অটোমেশন এবং সক্রিয় ব্যবসায়িক ব্যবস্থা তৈরির সুযোগ পাবেন। আয়োজকদের মতে, এআই অটোমেশন সামিট ছিল মূলত এই যাত্রার একটি সূচনা মাত্র।