গণিতের শত শত অমীমাংসিত সমস্যার সমাধান প্রকাশ করে তীব্র বিতর্কের মুখে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআই। প্রতিষ্ঠানটির এই পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে গণিতবিদদের ওপেনএআই বয়কটের আহ্বান জানিয়েছে 'অ্যাসোসিয়েশন ফর হিউম্যান ম্যাথমেটিকস'। সংগঠনটির দাবি, গণিতবিদদের কোনো অনুরোধ বা সম্মতির তোয়াক্কা না করেই এ ধরনের গবেষণা কার্যক্রম চালিয়েছে ওপেনএআই। এছাড়া একসঙ্গে বিপুল পরিমাণ গবেষণাসংক্রান্ত নথি প্রকাশের পদ্ধতি নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছে এই সংগঠন।
গত সপ্তাহে ওপেনএআই গণিতের ৩৭৭টি জটিল সমস্যার সমাধান প্রকাশ করেছে। এর পাশাপাশি প্রতিষ্ঠানটি গিটহাবে ৭০০টির বেশি ফাইলের একটি সংগ্রহশালা বা রেসপোজিটরি উন্মুক্ত করেছে। তবে অ্যাসোসিয়েশন ফর হিউম্যান ম্যাথমেটিকসের মতে, গবেষণার নির্ভরযোগ্যতা, নৈতিকতা ও জনস্বার্থ নিশ্চিত করার জন্য নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের দাবি, এত বিপুলসংখ্যক ফাইল একযোগে প্রকাশ করলেই গণিতের সামগ্রিক অগ্রগতিতে প্রকৃত অবদান রাখা সম্ভব হয় না। গণিতবিদেরা ওপেনএআইকে এ ধরনের গবেষণা করার কোনো অনুরোধ জানাননি। সংগঠনটির অভিযোগ, এই পুরো উদ্যোগটি গবেষণার দক্ষতা প্রদর্শনের চেয়ে বরং ক্ষমতার দাপট প্রদর্শনের চেষ্টা হিসেবে বেশি প্রতীয়মান হয়।
অন্যদিকে, ওপেনএআই তাদের এই উদ্যোগের স্বপক্ষে গণিত ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক একটি অ্যাডভাইজরি গ্রুপের পরামর্শের কথা উল্লেখ করেছে। তবে অভিযোগ উঠেছে যে, ওই অ্যাডভাইজরি গ্রুপটি উন্নত পর্যায়ের গণিত সমস্যা নিয়ে এআই প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ মডেল ব্যবহার করে পরীক্ষা চালানোর বিষয়ে আগে থেকেই আপত্তি জানিয়েছিল। ফলে অ্যাডভাইজরি গ্রুপের সেই অবস্থানকে সম্পূর্ণ উপেক্ষা করে ওপেনএআই বৈজ্ঞানিক গবেষণার প্রতিষ্ঠিত নীতিমালার প্রতি চরম অবজ্ঞা দেখিয়েছে বলে অভিযোগ করেছে অ্যাসোসিয়েশন ফর হিউম্যান ম্যাথমেটিকস।
গত মাসে ওপেনএআই দাবি করেছে যে, তাদের একটি অভ্যন্তরীণ এআই মডেল গণিতের অন্যতম আলোচিত ও অমীমাংসিত সমস্যা 'নাভিয়ের–স্টোকস'-এর সমাধান খুঁজে পেয়েছে। তরল ও গ্যাসের প্রবাহ ব্যাখ্যা করার জন্য ব্যবহৃত নাভিয়ের–স্টোকস সমীকরণের সঙ্গে সম্পর্কিত এই সমস্যাটি গণিতের বিখ্যাত সাতটি মিলেনিয়াম প্রাইজ সমস্যার অন্যতম। উল্লেখ্য, এই বিশেষ সমস্যাগুলো সমাধানের জন্য প্রতিটির বিপরীতে ১০ লাখ মার্কিন ডলার পুরস্কার নির্ধারিত রয়েছে।
গণিতবিদদের উদ্বেগের একটি প্রধান কারণ হলো, এআই প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব গোপন মডেল ব্যবহার করে দীর্ঘদিনের অমীমাংসিত গাণিতিক সমস্যার সমাধান করছে। এতে করে গবেষণার স্বচ্ছতা, প্রাপ্ত ফলাফলের যথার্থতা যাচাই এবং উন্নত এআই ব্যবহারের সুযোগের সমতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে।
এই বিষয়ে 'অ্যাডভাইজরি গ্রুপ অন ম্যাথমেটিকস অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স' এক বিবৃতিতে জানিয়েছে, এআই এমন গাণিতিক যুক্তি ও প্রমাণ তৈরি করতে পারে, যা মানব গবেষকদের পক্ষে বোঝা বা যাচাই করা অত্যন্ত কঠিন। এসব প্রমাণের যথার্থতা নিশ্চিত করা বা তার দায়দায়িত্ব নেওয়া গবেষকদের জন্য জটিল হয়ে উঠতে পারে। এছাড়া শক্তিশালী এআই ব্যবহারের সুযোগ যদি সীমিত কয়েকটি প্রতিষ্ঠানের হাতে কুক্ষিগত থাকে, তবে গণিত গবেষণায় এক ধরনের বৈষম্য তৈরি হতে পারে বলেও সতর্ক করেছে এই গোষ্ঠীটি।