দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে টেস্ট ক্রিকেটে আবারও সেঞ্চুরির দেখা পেলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ম্যাট রেনশার। ২০১৭ সালের ৩ জানুয়ারি সিডনিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে শতক হাঁকিয়েছিলেন তিনি। সেই ম্যাচে ১৮৪ রান করে আউট হয়ে চমক দিয়েছিলেন মাত্র ২০ বছর বয়সী এই তরুণ। সেই সময় মনে করা হয়েছিল, অজি টেস্ট দলের ব্যাটিং স্তম্ভ হিসেবে দীর্ঘকাল রাজত্ব করবেন তিনি। তবে বাস্তব ছিল ভিন্ন। প্রথম সেঞ্চুরির পর শুরু হয় ছন্দপতন। বারবার জাতীয় দলে জায়গা পাওয়া এবং হারিয়ে ফেলার লড়াই চালিয়ে যেতে হয় তাকে। অবশেষে দীর্ঘ ৯ বছর ২৮০ দিন বা ৩ হাজার ৫৬৭ দিন পর আবারও তিন অঙ্কের ঘরে পৌঁছালেন রেনশার।
শনিবার (১০ অক্টোবর) ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ২০৪ বলে নিজের শতক পূর্ণ করেন এই বাঁহাতি ব্যাটার। অ্যানরিখ নরকিয়ারের একটি বলে চার মেরে সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তিনি। এটি তার আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি এবং প্রথমবারের মতো দেশের বাইরে করা শতক।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে দুটি সেঞ্চুরির মাঝে এত দীর্ঘ সময়ের ব্যবধান অত্যন্ত বিরল। অস্ট্রেলিয়ার হয়ে এর আগে ওয়ারেন বার্ডসলিকে দুটি শতকের জন্য অপেক্ষা করতে হয়েছিল ১৩ বছর ৩৪৬ দিন। রেনশারের এই ৩ হাজার ৫৬৭ দিনের দীর্ঘ অপেক্ষা সেই বিরল ঘটনার তালিকায় যুক্ত হলো।
তবে এই সাফল্যের পথটি সহজ ছিল না। ৩০ বছর বয়সী রেনশারকে অত্যন্ত কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে। ডারবান টেস্টের প্রথম দিনে মাত্র ১২৪ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপদে পড়েছিল অস্ট্রেলিয়া। সেই সংকটময় মুহূর্তে অধিনায়ক প্যাট কামিন্সকে সঙ্গী করে দৃঢ় প্রতিরোধ গড়ে তোলেন তিনি। প্রথম দিন ৪৬ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের শুরুতেই পূর্ণ করেন তার অর্ধশতক।
অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে সপ্তম উইকেটে ৮৬ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন রেনশার। কামিন্স ৪৩ রান করে বিদায় নেওয়ার পর মিচেল স্টার্কও মাত্র ৬ রানে আউট হয়ে যান। তবে ভেঙে না পড়ে নাথান লায়নকে সঙ্গে নিয়ে অজিদের ম্যাচে টিকিয়ে রাখেন রেনশার।
দ্বিতীয় দিনের মধ্যাহ্নবিরতি পর্যন্ত ৮ উইকেটে ২৭৭ রান তুলেছে অস্ট্রেলিয়া। ২১৮ বলে ১০২ রানে অপরাজিত রেনশার এবং ৭ রানে অপরাজিত লায়ন। নবম উইকেটে এই দুজনের অবিচ্ছিন্ন জুটি এখন পর্যন্ত ৪৭ রানের।