চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মাঠে শেষ মুহূর্তে জয়সূচক গোল। এরপর দুই হাতে নিজের ১০ নম্বর জার্সি উঁচিয়ে ধরে উদ্‌যাপন। ২০১৭ সালের সেই ছবিটি লিওনেল মেসির ক্যারিয়ারের সবচেয়ে পরিচিত মুহূর্তগুলোর একটি। নয় বছর পর আর্জেন্টিনাকে বিদায় জানিয়ে আবারও জার্সি উঁচিয়ে ছবি তুলেছেন তিনি। তবে এবার জার্সিতে নিজের নামের জায়গায় লেখা একটি শব্দ, ‘ধন্যবাদ’।

নয় বছর আগে বার্নাব্যুতে সেই উদ্‌যাপন যেন ছিল প্রতিপক্ষের সমর্থকদের উদ্দেশে মেসির জবাব। এবার একই রকম ছবিতে নেই প্রতিদ্বন্দ্বিতার সেই আবহ। আছে শুধু কৃতজ্ঞতা।

আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানানোর দুই দিন পর বৃহস্পতিবার (৮ অক্টোবর) ইনস্টাগ্রামে ছবিটি প্রকাশ করেন মেসি। সঙ্গে ছোট্ট একটি বার্তা, ‘যা বলার ছিল, সব বলা হয়েছে। আর যা করার ছিল, তা-ও করা হয়েছে। হৃদয় থেকে এখন শুধু একটাই কথা আসছে, ধন্যবাদ আর্জেন্টিনা।’

View this post on Instagram A post shared by Leo Messi (@leomessi)

A post shared by Leo Messi (@leomessi)

মেসির এই ছবিটির সঙ্গে জড়িয়ে আছে ফুটবল ইতিহাসের স্মরণীয় এক উদ্‌যাপন। ২০১৭ সালের ২৩ এপ্রিল সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোয় যোগ করা সময়ে গোল করে বার্সেলোনাকে ৩-২ ব্যবধানে জিতিয়েছিলেন মেসি। সেটি ছিল বার্সেলোনার হয়ে তার ৫০০তম গোল।

এবার জাতীয় দলের বিদায়ের পর সেই ভঙ্গিই ফিরিয়ে এনেছেন মেসি। তবে বার্সেলোনার জার্সির পরিবর্তে তার হাতে আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি। সেখানে নামের জায়গায় স্প্যানিশ ভাষায় লেখা ‘গ্রাসিয়াস’, অর্থাৎ ধন্যবাদ। নিচে চেনা ১০ নম্বর।

গত মঙ্গলবার বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলেন মেসি। ৩-০ গোলের জয়ে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও দুটি গোল করান তিনি। ম্যাচের আগে ও পরে তাঁকে ঘিরে আয়োজন করা হয় বিশেষ বিদায় সংবর্ধনা।

আর্জেন্টিনার জার্সিতে দুই দশকের বেশি সময় কাটিয়ে ২০৮ ম্যাচে ১২৬ গোল নিয়ে আন্তর্জাতিক ফুটবল শেষ করেছেন মেসি। জিতেছেন বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও ফিনালিসিমা।