বাংলাদেশ সময় ভোর ৫টায় আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি। আন্তর্জাতিক গণমাধ্যমে সব আলোচনা এখন মেসিকে কেন্দ্র করে আবর্তিত হলেও, এই কিংবদন্তির পাশাপাশি জাতীয় দলের আঙিনা ছেড়ে বিদায় নিচ্ছেন আরেক অভিজ্ঞ তারকা নিকোলাস ওতামেন্দি।

মেসির সাথে শেষবারের মতো অনুশীলন সেশন সম্পন্ন করেছেন ওতামেন্দি। এজেইজার মাঠ ছেড়ে আসার পর আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তির বাস্তবতা যেন আরও স্পষ্টভাবে সামনে এসেছে তার কাছে। এই আবেগঘন মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক বার্তার মাধ্যমে প্রকাশ করেছেন তিনি। ওতামেন্দি লিখেছেন, ‘আমার জীবনের বিশাল একটি অধ্যায়ের সমাপ্তি হচ্ছে।’

মঙ্গলবার মনুমেন্টালে বেনিনের বিপক্ষে লিওনেল মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার হয়ে শেষবারের মতো মাঠে নামার কথা রয়েছে ওতামেন্দিরও। ২০২৬ বিশ্বকাপের পর জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া এই অভিজ্ঞ ডিফেন্ডারকে এই বিশেষ ম্যাচটির জন্যই দলে ডাকা হয়েছে।

অনুশীলন শেষে মেসির মতোই পুরো দল, কোচিং স্টাফ এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মীদের সাথে তোলা একটি ছবি পোস্ট করেছেন ওতামেন্দি। সেই ছবির সাথে তিনি জাতীয় দলের হয়ে নিজের দীর্ঘ পথচলার স্মৃতিগুলো রোমন্থন করেছেন।

নিজের অনুভূতির কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘আজ আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে আমার শেষ অনুশীলন ছিল। দিনটাকে অন্য আর দশটা দিনের মতো কাটানোর চেষ্টা করেছিলাম, কিন্তু প্রথম মুহূর্ত থেকেই বুঝেছিলাম; কিছুই আর আগের মতো থাকবে না।’

মাঠের দিকে তাকালে পুরোনো সব স্মৃতি ভেসে আসছিল তার চোখে। শুরুর দিনগুলো, কঠিন সময়, আনন্দ, কান্না, জয় এবং পরাজয়ের কথা স্মরণ করেন ওতামেন্দি। তিনি বলেন, ‘প্রতিটি কোণে যেন একটি করে গল্প ছিল, প্রতিটি দৃষ্টিতে ছিল বিদায়ের অনুভূতি। এই রঙের জার্সি পরার অর্থ কতটা গভীর, প্রতিটি মুহূর্ত আমাকে সেটাই মনে করিয়ে দিচ্ছিল।’

জাতীয় দলের হয়ে খেলাকে জীবনের অন্যতম শ্রেষ্ঠ সম্মান হিসেবে অভিহিত করেছেন তিনি। সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, ‘আর্জেন্টিনা, প্রতিটি আলিঙ্গন, প্রতিটি গান, প্রতিটি পতাকার জন্য ধন্যবাদ। ভালো সময়ে পাশে থাকার জন্য, আর যখন কিছু আমাদের মতো হয়নি, তখনও ধরে রাখার জন্য ধন্যবাদ।’

নিজের বিদায়ের বিষণ্ণতার মাঝেও মঙ্গলবারের দিনটিকে তিনি উৎসর্গ করেছেন মেসির জন্য। আর্জেন্টিনা অধিনায়ককে উদ্দেশ্য করে তার বার্তা, ‘আগামীকাল খুব বিশেষ একটি দিন। কারণ সেটি হবে সর্বকালের সেরা খেলোয়াড়ের দিন। তোমার গল্পের অংশ হতে পারাটা ছিল আমার জন্য সম্মানের, ছোট্ট মানুষ।’

সবশেষে বিদায়ী সম্ভাষণে লিখেছেন, ‘বিদায়, জাতীয় দল। সবকিছুর জন্য ধন্যবাদ।’