লালমনিরহাটের কালীগঞ্জে অবৈধভাবে মজুত করা ৫৬ বস্তা সার উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এই আইন অমান্য করার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে মো. জামাল উদ্দিন নামের এক ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বৈরাতি হাজিরহাট এলাকায় এই বিশেষ অভিযানটি পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম।

ইউএনও সাইফুল ইসলাম জানান, তুষভান্ডার ইউনিয়নের বৈরাতি হাজিরহাট গ্রামের বাসিন্দা মো. জামাল উদ্দিন দীর্ঘ সময় ধরে অবৈধভাবে সার মজুত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে তল্লাশি চালানো হলে বাড়ির রান্নাঘর থেকে অবৈধভাবে মজুত করা ৫৬ বস্তা সার পাওয়া যায়। উদ্ধার করা সারের মধ্যে ৪০ বস্তা ইউরিয়া, ৪ বস্তা এমওপি এবং ১২ বস্তা ডিএপি সার ছিল। পরবর্তীতে জব্দ করা এই ৫৬ বস্তা সার সরকারি নির্ধারিত মূল্যে অনুমোদিত ডিলারের কাছে বিক্রি করা হয়েছে।

সাইফুল ইসলাম আরও বলেন, “কৃষকদের জন্য বরাদ্দকৃত সার কোনোভাবেই অবৈধভাবে মজুত বা কৃত্রিম সংকট সৃষ্টি করা যাবে না। সরকারি নির্দেশনা অমান্য করে কেউ সার মজুত করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”