লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অবৈধভাবে গভীর গর্ত খুঁড়ে প্রতিবেশীর বসতবাড়ি ঝুঁকিতে ফেলার দায়ে শাহীন আলম (৪৫) নামের এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গত বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি গ্রামে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই রায় ঘোষণা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। আদালতের রায়ে সাজাপ্রাপ্ত শাহীন আলম ওই এলাকার মৃত আব্দুল মোত্তালেবের পুত্র বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, প্রতিবেশীর বসতবাড়ির সীমানা ঘেঁষে গভীর গর্ত খুঁড়ে মাটি তুলছিলেন শাহীন আলম, যার উদ্দেশ্য ছিল প্রতিবেশীর ক্ষতি করা। এই কর্মকাণ্ডের ফলে সীমানার সাথে লাগোয়া বসতবাড়িটি মারাত্মক ঝুঁকির মুখে পড়ে। পরিস্থিতি প্রতিকার চেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত আবেদন দাখিল করেন।

আবেদনের প্রেক্ষিতে এবং ইউএনওর নির্দেশে তুষভাণ্ডার ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শাহীন আলমকে মাটি কাটা বন্ধ করার জন্য কঠোরভাবে নিষেধ করেন। তবে প্রশাসনিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তা অমান্য করে গভীর গর্ত খোঁড়ার কাজ অব্যাহত রাখেন তিনি।

অবশেষে পুলিশ সদস্যসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম সরেজমিনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় অবৈধভাবে মাটি কেটে প্রতিবেশীর ঘরবাড়ি ঝুঁকিতে ফেলার বিষয়টি শাহীন আলম স্বীকার করে নেন। তার এই অপরাধের দায়ে আদালত তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ওসমান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত শাহীন আলমকে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।