লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নে বরাদ্দকৃত সার অন্য এলাকায় পাচার ও কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে কাকিনা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল ইসলাম নয়নকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রুদ্রেশ্বর এলাকার ‘রহমান ট্রেডার্স’-এ অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।
স্থানীয় সূত্র জানায়, কাকিনা ইউনিয়নের কৃষকদের জন্য বরাদ্দকৃত সার স্থানীয় ডিলারশিপে না রেখে গোপনে অন্যত্র বিক্রি করছিলেন রুদ্রেশ্বর গ্রামের মতিয়ার রহমানের ছেলে আরিফুল ইসলাম নয়ন। রোববার দুপুরে কৃষকরা সার কেনার উদ্দেশ্যে ‘রহমান ট্রেডার্স’-এ গেলে সেখানে সার পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ কৃষকরা আন্দোলন গড়ে তোলেন এবং অভিযুক্ত নয়নকে তাঁর নিজ প্রতিষ্ঠানে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর উপজেলা প্রশাসনের কাছে বিষয়টি জানানো হলে ইউএনও সাইফুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে যান। তিনি ডিলারের গুদাম ও নথিপত্র পরিদর্শন করে এক অঞ্চলের সার অন্য অঞ্চলে বিক্রির অভিযোগের সত্যতা পান। পরবর্তীতে উপস্থিত কৃষক ও স্থানীয়দের সামনে সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, "কৃষকদের ন্যায্য প্রাপ্য সার অন্যত্র পাচার বা কৃত্রিম সংকট তৈরির কোনো সুযোগ নেই। গোপন সংবাদের ভিত্তিতে ও স্থানীয়দের আন্দোলনের প্রেক্ষিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং অভিযুক্তকে আর্থিক জরিমানা করা হয়। সার বিতরণে অনিয়ম রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, "নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে তাকে আটক করা হয়েছিল। পরবর্তীতে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে তাকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে ওই এলাকার পরিবেশ শান্ত রয়েছে।"