শরীয়তপুরের ভেদরগঞ্জে কৃষিজমির মাটি অবৈধভাবে কাটার অপরাধে শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. রোকন সরদারসহ চার ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৫ নভেম্বর) সকালে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন এই বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, শনিবার রাতে উপজেলার ছয়গাঁও ইউনিয়নে পরিচালিত এক অভিযানে তাদের আটক করা হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবকর সিদ্দিকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন ধারায় তাদের কারাদণ্ড প্রদান করেন।
আদালতের রায়ে দণ্ডপ্রাপ্তরা হলেন— শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও পাটানিগাঁও গ্রামের মৃত নুর মোহাম্মদ সরদারের ছেলে রোকন সরদার (৩৫), ভেদরগঞ্জের ছয়গাঁও গ্রামের রব সরদারের ছেলে তাজেল সরদার (২৭), ফ্রান্সগাঁও এলাকার আব্দুর রশিদের ছেলে রুহুল আমিন এবং নীলফামারীর ডিমলা উপজেলার বাইশপুকুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে রহিম বাদশা (২০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কৃষিজমির মাটি অবৈধভাবে কাটার দায়ে রোকন সরদার ও তাজেল সরদারকে তিন মাস করে এবং রুহুল আমিন ও রহিম বাদশাকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, এর আগে গত বছরের মে মাসেও কৃষিজমির মাটি কাটার দায়ে যুবদল নেতা রোকন সরদার কারাদণ্ড পেয়েছিলেন। এছাড়া তাকে একাধিকবার অর্থদণ্ড বা জরিমানা করা হয়েছে বলেও জানা গেছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, “আমরা এর আগেও তাকে দুইবার সতর্ক করেছি। তবে তিনি কিছুদিন চুপ থেকে আবারও একই কাজ করছেন। জেলা যুবদলের আজকে একটি প্রোগ্রাম রয়েছে। সেটি শেষ করে আমরা বসে তার বিরুদ্ধে একটি ব্যবস্থা নেব।”
অন্যদিকে, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সিদ্দিক জানিয়েছেন, উপজেলার কৃষিজমি রক্ষা এবং অবৈধভাবে কৃষিজমি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, “কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”