শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে কবর খুঁড়ে ফাহিমা নামের এক শিশুর মরদেহ চুরির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে শিশুটির স্বজনরা দ্রুত কবরস্থানে ছুটে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান, কবরটি খোঁড়া হয়ে আছে এবং ভেতরে শিশুটির মরদেহ নেই। জানা গেছে, সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ছুরিরচর মমতাজউদ্দিন মাহমুদ কান্দি এলাকার একটি কবরস্থানে এই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সূত্রে জানা গেছে, মৃত শিশু ফাহিমা ওই এলাকার বাসিন্দা গোলাম হোসেন খালাশীর কন্যা। তার বয়স ছিল মাত্র ১ বছর ১ মাস। গত ২৩ অক্টোবর পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয় এবং এরপর তাকে ছুরিরচর এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাফনের মাত্র ২৫ দিন পর এই অঘটনাটি ঘটল।
সন্তান হারানোর শোকে ভেঙে পড়া মা শাহজাহান বেগম বলেন, “আমার মেয়ে পানিতে পড়ে মারা যাওয়ার পর আমরা তাকে এই কবরে দাফন করি। গতকাল সন্ধ্যায়ও হুজুর দিয়ে মেয়ের জন্য দোয়া করিয়েছি। আমরা মাঝেমধ্যে কবরের কাছে এসে দোয়া করি। মেয়েকে হারানোর কষ্ট এমনিতেই সহ্য করতে পারছি না, এখন আবার মেয়ের লাশও চুরি হয়ে গেছে। আমরা আমাদের মেয়ের লাশ ফেরত চাই।”
এলাকার বাসিন্দা মোকবিল হোসেন জানান, দাফনের দুই মাস পূর্ণ হওয়ার আগেই কবর থেকে শিশুটির মরদেহ গায়েব হয়ে গেছে। তার ধারণা, কোনো কবিরাজ তুকতাক বা অন্য কোনো উদ্দেশ্যে মরদেহটি নিয়ে যেতে পারে। তিনি আরও জানান, গত দুই বছরের মধ্যে এই কবরস্থান থেকে আরও দুটি মরদেহ চুরির ঘটনা ঘটেছে, তবে সেগুলোর কোনো সন্ধান এখনও পাওয়া যায়নি।
ঘটনা প্রসঙ্গে উত্তর তারাবুনিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আক্তার হোসেন জানান, “ছুরিরচর এলাকায় কবর থেকে লাশ চুরির বিষয়টি আমি জানি না। আমি বর্তমানে ঢাকায় আছি। ঘটনাটি খুবই মর্মান্তিক। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।”
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসাইন এই বিষয়ে জানান, পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছে এবং তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, “আমরা ঘটনাটি জানতে পেরেছি। তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”