লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শারীরিক প্রতিবন্ধী এক ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনায় আব্দুল মালেক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মাদক কেনার টাকা জোগাড় করতে তিনি চুরি করে থাকেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার দলগ্রাম বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল মালেক উপজেলার দলগ্রাম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দলগ্রাম (ঘাটেরপাড়, মাস্টারপাড়া) এলাকার মৃত হাফিজুল ইসলাম।

পুলিশ জানায়, গত ১৭ সেপ্টেম্বর রাতে উপজেলা পরিষদ কার্যালয়ের পাশে শারীরিক প্রতিবন্ধী আব্দুর রহমানের মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। চুরির দৃশ্যটি উপজেলা প্রশাসনের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম সিসিটিভির ফুটেজ সরবরাহ করেন। ফুটেজটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার সকালে অভিযুক্ত আব্দুল মালেক দলগ্রাম বাজারে ঘোরাফেরা করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, সন্তানসহ নিজের মাদক কেনার টাকা জোগাড় করতে তিনি চুরির পথ বেছে নেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হচ্ছে। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না দেখা হচ্ছে।