ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও ফুলবাড়ীয়া উপজেলায় পৃথক দুটি বজ্রপাতে মোহাম্মদ তোতা মিয়া (২৮) ও সাইফুল ইসলাম (৩৫) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। একজন কৃষক এবং অন্যজন পেশায় ভ্যানচালক ছিলেন।

ঘটনাগুলো ঘটেছে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে। প্রথম ঘটনাটি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের উজানচর নওপাড়া (মাইজপাড়া) গ্রামে এবং দ্বিতীয়টি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের মোমিনপুর এলাকায়।

নিহত মোহাম্মদ তোতা মিয়া ঈশ্বরগঞ্জ উপজেলার উজানচর নওপাড়া (মাইজপাড়া) গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে। অন্যদিকে, নিহত সাইফুল ইসলাম ফুলবাড়ীয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের হাতিলেইট বুড়ার বাজার এলাকার আব্দুল মজিদের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তোতা মিয়া তার প্রতিবেশী মানিক মিয়া এবং চাচাতো ভাই আব্দুস ছামাদকে সঙ্গে নিয়ে ফসলের মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান। সেই সময় আকস্মিক বজ্রপাতে তোতা মিয়া গুরুতর আহত হন। বজ্রপাতের প্রচণ্ড শব্দে আতঙ্কিত হয়ে আব্দুস ছামাদ ও মানিক মিয়া সাময়িকভাবে জ্ঞান হারিয়ে ফেলেন। তবে কিছুক্ষণ পর তাদের জ্ঞান ফিরে এলে তারা সুস্থ হয়ে ওঠেন।

পরবর্তীতে স্থানীয় লোকজন তোতা মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মোমিনপুর আঠারোচূড়া বিলে বরশি দিয়ে মাছ ধরতে যান সাইফুল ইসলাম। বিকেলে হঠাৎ শুরু হওয়া ঝড়-বৃষ্টির মধ্যে বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, “তোতা মিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ধারণা করা হচ্ছে, হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান জানান, ফুলবাড়ীয়া উপজেলা থেকে পাঁচ থেকে সাতজন যুবক বরশি দিয়ে মাছ ধরতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের মোমিনপুর এলাকার আঠারোচূড়া বিলে গিয়েছিলেন। বিকেলে বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাতে সাইফুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, “সাইফুল ইসলামের মাছ ধরার নেশা ছিল। তার স্ত্রী আট মাসের অন্তঃসত্ত্বা এবং চার বছর বয়সি একটি ছেলে সন্তান রয়েছে।” খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।