ময়মনসিংহের ভালুকায় কৃষিজমিতে কাজ করার সময় পল্লী বিদ্যুতের একটি ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাই প্রাণ হারিয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার খারুয়ালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন একই গ্রামের আজিদ আকন্দের ছেলে মো. সাহাবউদ্দিন আকন্দ (৬৫) এবং মজিদ আকন্দের ছেলে মো. ধনু আকন্দ (৬০)। তারা পরস্পরের চাচাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ধনু আকন্দ কৃষিজমিতে কাজ করতে যান। এ সময় মাটিতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের একটি ছেঁড়া তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধারে এগিয়ে গেলে তার চাচাতো ভাই সাহাবউদ্দিন আকন্দও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার (জিএম) এস এম নাসির উদ্দীন জানান, ঘটনাটি তদন্তে ডিজিএম ওয়ালিউর রহমানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।