গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের ফলে উদ্ভূত পরিস্থিতির কথা বিবেচনা করে ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল শিল্পাঞ্চলে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সম্ভাব্য সহিংসতা প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ময়মনসিংহ ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই পদক্ষেপের কথা জানানো হয়েছে।
উক্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মোতায়েন করা সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সদস্যরা পেশাদারত্ব, দায়িত্বশীলতা ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) উপ-অধিনায়ক মেজর আশিক ইকবাল বলেন, “শিল্পাঞ্চলে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে ভালুকা ও ত্রিশাল এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার সকাল থেকেই তারা দায়িত্বে রয়েছেন।”