বাংলাদেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো পরিদর্শনের উদ্দেশ্যে আসা জার্মান পর্যটক কিরিল ল্যান্ডারের ল্যাপটপ ও ক্যামেরা চুরি হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর নাটোর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ওই পর্যটক।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে নাটোর রেলস্টেশনের প্ল্যাটফর্মে অবস্থিত অপেক্ষাকক্ষ থেকে তাঁর প্রয়োজনীয় এসব সামগ্রী চুরি হয় বলে তিনি অভিযোগ করেছেন।

ভুক্তভোগী কিরিল ল্যান্ডার জানান, তিনি বগুড়া থেকে লোকাল ট্রেনে করে প্রথমে সান্তাহারে আসেন। সেখান থেকে বাংলাবান্ধাগামী ট্রেনে করে তিনি নাটোরে পৌঁছান। তাঁর পরিকল্পনা ছিল নাটোর থেকে পুনরায় ট্রেনে চড়ে দর্শনা সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করা। এই উদ্দেশ্যে তিনি নাটোর রেলস্টেশনের প্ল্যাটফর্মের অপেক্ষাকক্ষে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন।

কিরিল ল্যান্ডারের অভিযোগ অনুযায়ী, অপেক্ষারত থাকাকালীন ২০ থেকে ২৫ বছর বয়সি এক যুবক তাঁর কাছে এসে ট্রেনের টিকিট করে দেওয়ার প্রস্তাব দেয়। একপর্যায়ে ওই যুবকের কথায় বিশ্বাস স্থাপন করেন কিরিল। এরপর সুযোগ বুঝে যুবকটি তাঁর ল্যাপটপ ও ক্যামেরা রাখা ব্যাগটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। কিরিল জানান, ঘটনার পর ওই যুবককে আর খুঁজে পাওয়া যায়নি। নিরুপায় হয়ে তিনি নাটোর সদর থানায় গিয়ে পুলিশকে পুরো বিষয়টি অবহিত করেন।

এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, “কিরিলকে সঙ্গে নিয়ে রেলস্টেশনের ঘটনাস্থল পরিদর্শন করা হবে। তার চুরি যাওয়া ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করা হবে।”