নাটোর রেলওয়ে স্টেশন থেকে জার্মান পর্যটক কিরিল ল্যান্ডারের ল্যাপটপ ও ক্যামেরাসহ ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়া এক যুবককে শনাক্ত ও গ্রেপ্তারে সহায়তার আহ্বান জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। সংস্থাটি জানিয়েছে, অভিযুক্তের বিষয়ে সঠিক তথ্য প্রদান করে বা তাকে ধরিয়ে দিতে সহায়তা করলে পুরস্কার দেওয়া হবে।

শনিবার (১০ অক্টোবর) রাতে নাটোর রেলওয়ে স্টেশনসহ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযুক্ত যুবকের ছবি সংবলিত পুরস্কার ঘোষণার পোস্টার লাগানো হয়েছে।

এসআরবি-৫-এর সিপিসি-২ সূত্র থেকে জানা গেছে, সিসি ক্যামেরার ফুটেজ বিস্তারিতভাবে বিশ্লেষণ করে অভিযুক্তের চেহারা শনাক্ত করা হয়েছে। এরপরই শনিবার রাতে নাটোর ও আব্দুলপুর রেলস্টেশনসহ বিভিন্ন এলাকায় এসব পোস্টার লাগানো হয়। তাকে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে থানা পুলিশ, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), রেলওয়ে পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা যৌথভাবে কাজ করছেন। গোয়েন্দা তৎপরতাসহ বিভিন্ন উপায়ে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে অভিযুক্তের বাড়ি অন্য এলাকায় হওয়ায় তাকে শনাক্ত ও গ্রেপ্তারে কিছুটা সময় লাগছে বলে তিনি উল্লেখ করেন।

ঘটনার বিবরণ অনুযায়ী, জার্মান নাগরিক কিরিল ল্যান্ডার গত ৭ অক্টোবর বগুড়ার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শন শেষ করে ট্রেনে সান্তাহার হয়ে নাটোর রেলওয়ে স্টেশনে পৌঁছান। সেখানে হলুদ ভেস্ট পরা এক যুবক নিজেকে রেলকর্মী পরিচয় দিয়ে তার সঙ্গে সখ্য গড়ে তোলে। এরপর কিরিল ল্যান্ডার ওই যুবকের কাছে নিজের ব্যাগটি রেখে টিকিট কাটতে যান। কিন্তু টিকিট কেটে ফিরে এসে তিনি দেখেন যে ব্যাগটি এবং ওই যুবকটি আর সেখানে নেই। চুরি হওয়া ওই ব্যাগে একটি ল্যাপটপ, ক্যামেরা এবং আরও কিছু মূল্যবান জিনিসপত্র ছিল বলে জানা গেছে।