ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান উন্নয়ন সহযোগিতাকে আরও শক্তিশালী ও সম্প্রসারিত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে। এই সাক্ষাতের সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকের মূল আলোচনায় উঠে আসে বাংলাদেশে ফ্রান্সের বিনিয়োগ বৃদ্ধি, চলমান উন্নয়ন প্রকল্পগুলোতে সহযোগিতা জোরদার করা, নতুন প্রকল্পে সহায়তা প্রদান এবং দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্যের পরিধি বাড়ানোর বিষয়গুলো। পাশাপাশি ফ্রান্সের এয়ারবাস থেকে বাংলাদেশ সরকারের ১০টি উড়োজাহাজ ক্রয়ের বিষয়টিও আলোচনায় আসে, যার বিষয়ে মন্ত্রী এবং রাষ্ট্রদূত উভয়েই সন্তোষ প্রকাশ করেন।

বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, “বাংলাদেশের অবকাঠামো, পানি সরবরাহ, স্যানিটেশন ও নগর ব্যবস্থাপনার উন্নয়নে ফ্রান্সের দীর্ঘদিনের সহযোগিতা গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এ সহযোগিতার পরিধি আরও বাড়ানোর মাধ্যমে দুই দেশের উন্নয়ন অংশীদারিত্বকে নতুন মাত্রায় নেওয়া সম্ভব।”

বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ফ্রান্সের উন্নয়ন সহযোগিতা সংস্থা এজেন্স ফ্রঁসেজ দ্য ডেভেলপমঁ (এএফডি)-এর অর্থায়নে চারটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। প্রকল্পগুলো হলো—সায়েদাবাদ পানি পরিশোধন প্ল্যান্ট (তৃতীয় পর্যায়), ঢাকা এনভায়রনমেন্টালি সাস্টেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্প (তৃতীয় পর্যায়), চট্টগ্রাম মেট্রোপলিটন স্যানিটেশন প্রকল্প ফর নর্থ কাট্টলী ক্যাচমেন্ট এবং ইমপ্রুভিং আরবান গভর্নেন্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প।

উল্লেখযোগ্য যে, এই প্রকল্পগুলোতে সহায়তা হিসেবে ফ্রান্স প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা অর্থায়ন করছে। এছাড়া ফ্রান্সের সহায়তায় বাংলাদেশের শহর ও পৌর এলাকায় পানি সরবরাহ নিশ্চিতকরণ এবং অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি উন্নয়নের লক্ষ্যে ‘ওয়াটার সাপ্লাই, ইনক্লুসিভ স্যানিটেশন অ্যান্ড হাইজিন প্রজেক্ট ইন সেভেন টাউনস অব বাংলাদেশ’ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈঠকে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি উন্নয়ন প্রকল্পগুলোর কার্যকর বাস্তবায়ন এবং ভবিষ্যতে নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সচিবালয়ের এই বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক শিবির বিচিত্র বড়ুয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।