অন্যায় ও অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে ন্যায়বিচার প্রতিষ্ঠার শিক্ষা দেয় দুর্গাপূজা। এই উৎসবের মূল চেতনা থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে তা প্রয়োগ করতে না পারলে পূজার আয়োজন সার্থক হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে ড. আবদুল মঈন খান বলেন, “দুর্গাপূজার অন্যতম শিক্ষা হলো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ন্যায় প্রতিষ্ঠা করা। এই শিক্ষাকে বাস্তব জীবনে ধারণ করতে হবে।” তিনি আরও গুরুত্বারোপ করেন যে, দেশের সব ধর্মের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান এবং দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে সব সময় বজায় রাখা অত্যন্ত জরুরি।

নারায়ণগঞ্জের ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করে মন্ত্রী উল্লেখ করেন, প্রাচীনকাল থেকেই এই শহর ব্যবসা-বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। বিশেষ করে পাটশিল্পের প্রসারের কারণে এক সময় সারা দেশে নারায়ণগঞ্জের ব্যাপক খ্যাতি ছিল। তিনি বলেন, এই জেলার ঐতিহ্যের সঙ্গে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানও জড়িয়ে রয়েছে। সেই ঐতিহ্য ভবিষ্যতেও অক্ষুণ্ন রাখতে হবে।

সপ্তমীর সন্ধ্যায় মণ্ডপ পরিদর্শনের সময় তিনি নারায়ণগঞ্জবাসীসহ মন্দির ও পূজা উদযাপন কমিটির সভাপতি, সদস্য এবং পূজা আয়োজনের সাথে যুক্ত সকল ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানান। সবার প্রতি শুভকামনা ব্যক্ত করে তিনি দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সফলভাবে উদযাপনের প্রত্যাশা করেন।