শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্‌যাপনের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে খুলনা জেলার ৮৮৭টি পূজামণ্ডপে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) বাবু জয়ন্ত কুমার কুন্ডু।

বুধবার (১৪ অক্টোবর) রাত ৮টায় খুলনা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি নেতাকর্মীদের এই বিশেষ নির্দেশনা প্রদান করেন।

বাবু জয়ন্ত কুমার কুন্ডু বলেন, “খুলনা জেলার ৮৮৭টি পূজামণ্ডপে নিরাপত্তা বিধান, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব উদ্‌যাপনে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করতে হবে। পূজা উদ্‌যাপন কমিটিগুলোকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে, যাতে শারদীয় দুর্গোৎসব ও দীপাবলি আরও উৎসবমুখর হয়ে ওঠে।”

তিনি আরও সতর্ক করে বলেন, “মোটরসাইকেল শোভাযাত্রা বর্জন করে সবাইকে সজাগ থাকতে হবে। জনসমাগমের সুযোগ নিয়ে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য পূজামণ্ডপের আইনশৃঙ্খলা রক্ষায় বিএনপির স্বেচ্ছাসেবকদের সচেতন থাকতে হবে।”

খুলনা জেলা বিএনপির সদস্যসচিব, জেলা পরিষদের প্রশাসক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পীর সভাপতিত্বে আয়োজিত এই সভায় জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মনিরুল হাসান বাপ্পী বলেন, “দুর্গাপূজা মানেই ঢাকের আওয়াজ, প্যান্ডেলের হইচই, নতুন জামাকাপড় এবং বন্ধু-বান্ধবদের সঙ্গে আনন্দ-আড্ডা। এর মধ্য দিয়ে একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও ভালোবাসা বিনিময় হয়। সমাজের অন্যায়, অবিচার ও অশুভ শক্তির বিনাশের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই এ পূজা উদ্‌যাপিত হয়। আবহমানকাল ধরে হিন্দু সম্প্রদায় উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালন করে আসছে। এ উৎসব শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা আন্তরিকতার সঙ্গে পাশে থাকবেন।”

উক্ত সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম, দুর্গাপূজা উপলক্ষে গঠিত জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক এস এম শামীম কবির, সদস্যসচিব কেএম আশরাফুল আলম নান্নু, এনামুল হক সজল, মল্লিক সুলতান মাহমুদ, আব্দুস সালাম, নাজমুস সাকির, মনিরুজ্জামান লেলিন, বাবু নিত্যানন্দ, আইনজীবী অরবিন্দু কুমার, জেলা শ্রমিকদলের বাবু উজ্জ্বল কুমার সাহা, জেলা যুবদলের সভাপতি নাদিমুজ্জামান জনি, সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম, জিএম রাসেল ইসলাম, হারুনার রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সদস্যসচিব খান ইসমাঈল হোসেন এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাকসুদুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী ১৬ অক্টোবর বিকেল ৪টায় কেডি ঘোষ রোডে অবস্থিত খুলনা বিএনপির দলীয় কার্যালয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এই সভায় আগামী ৫ নভেম্বর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনায় আগমন এবং শান্তিপূর্ণভাবে পূজা উদ্‌যাপনের করণীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এছাড়া ওই দিনই বিকেল ৫টায় খুলনা জেলা পূজা উদ্‌যাপন কমিটির নেতাদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে, যেখানে জেলা বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠন এবং উপজেলা ও পৌরসভা বিএনপির নেতারা অংশগ্রহণ করবেন।