লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের সমাপ্তির মধ্য দিয়ে আর্জেন্টিনা জাতীয় দল এখন এক নতুন যুগের দোরগোড়ায় দাঁড়িয়ে। তবে এই নতুন পথচলায় দলের প্রধান কোচ হিসেবে লিওনেল স্কালোনি বহাল থাকবেন কি না, তা নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

আর্জেন্টিনাকে তৃতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া এই কোচ তবে নিজের ভবিষ্যৎ নিয়ে বেশ ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। বেনিন দলের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় এবং মেসির বিদায়ী ম্যাচ শেষ হওয়ার পর স্কালোনি বলেন, “সব কিছু ঠিক থাকলে আমি কোচ হিসেবেই থাকব। আর মেসি যে উত্তরাধিকার (লেগ্যাসি) রেখে যাচ্ছে, সেটা অবিশ্বাস্য। সেটাই আমি সঙ্গে নিয়ে যাব। মাঠে এমন আর কিছু হবে না। আমরা ওর কাছে চিরকৃতজ্ঞ।”

উল্লেখ্য, স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর নিজের ভবিষ্যৎ নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করেছিলেন তিনি। সে সময় তিনি জানিয়েছিলেন যে, বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর পরবর্তী পদক্ষেপ নিয়ে তিনি গভীরভাবে ভাবতে চান।

তবে পরবর্তীতে পরিস্থিতির পরিবর্তন ঘটে। গত সেপ্টেম্বরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া স্কালোনির সঙ্গে নতুন চুক্তির বিষয়ে আলোচনা শুরু করেন। এএফএ কর্তৃপক্ষ তাপিয়া ও স্কালোনির আলোচনার একটি ছবি প্রকাশ করে এই প্রক্রিয়ার কথা নিশ্চিত করে। এর আগে ২৯ সেপ্টেম্বর স্কালোনি নিজেই জানিয়েছিলেন যে, আর্জেন্টিনা দলের দায়িত্ব ধরে রাখার ইচ্ছা তার রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি।

মেসির বিদায়ী ম্যাচের পর স্কালোনি তার সেই সতর্ক অবস্থান বজায় রেখেছেন। ভবিষ্যতের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেও নতুন চুক্তির বর্তমান অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “এখনও কোনো নতুন খবর নেই।”

নিজের ভবিষ্যৎ ছাড়াও মেসিহীন আর্জেন্টিনার আগামীর চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন স্কালোনি। মেসির অনুপস্থিতিতে দলের পথচলা যে সহজ হবে না, তা তিনি অকপটে স্বীকার করেছেন। কোচ বলেন, “কঠিন হবে। ও নিজেও সেটা বলেছে। গত কয়েক বছরে আমরা যা পেয়েছি, সেটা স্বাভাবিক কিছু নয়। কঠিন সময় আসতে পারে। আমরা তার জন্য প্রস্তুত।”

নতুন প্রজন্মের ফুটবলারদের নিয়ে পুনরায় একটি শক্তিশালী দল গড়ার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। তবে মেসির অভাব যে কেবল একজন দক্ষ ফুটবলার দিয়ে পূরণ করা সম্ভব নয়, সেটিও স্পষ্ট করেছেন তিনি। স্কালোনি বলেন, “আমরা নতুন ছেলেদের নিয়ে দারুণ একটা দল গড়তে পারি। কিন্তু ওর মতো সেই আবহ আমি আর কারও মধ্যে দেখিনি। ও যা তৈরি করত, সেটি আর থাকবে না। আমাদের নতুন উপায় খুঁজতে হবে, কিন্তু সেই অনুভূতিটা থাকবে না।”

২০১৮ সালে আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার পর থেকে স্কালোনির কোচিংয়েই দলের সাম্প্রতিক ইতিহাস বদলে গেছে। তার নেতৃত্বেই আর্জেন্টিনা জিতেছে ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ এবং ফিনালিসিমা। ২০২৬ বিশ্বকাপেও তারা ফাইনালে উঠেছিল, যদিও স্পেনের কাছে হেরে শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয় তারা।