একজন নাগরিকের আইনি পরিচয়ের মূল ভিত্তি হলো জন্মনিবন্ধন। এই নিবন্ধনের সাথে শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, বিবাহনিবন্ধন এবং ড্রাইভিং লাইসেন্সসহ মোট ১৮টি নাগরিক সেবা ও অধিকার সরাসরি যুক্ত। অন্যদিকে, উত্তরাধিকার এবং সরকারি ভাতার মতো বিভিন্ন অধিকার নিশ্চিত করতে মৃত্যুনিবন্ধন অপরিহার্য। তাই জাতীয় পর্যায়ের সঠিক পরিকল্পনার স্বার্থে জন্ম ও মৃত্যুনিবন্ধন প্রক্রিয়া নির্ভুল হওয়া অত্যন্ত জরুরি। একইসাথে এই নিবন্ধন প্রক্রিয়া এমন সহজ হতে হবে যেন সাধারণ নাগরিকেরা কোনো ঝামেলা ছাড়াই সেবা পেতে পারেন।
আজ মঙ্গলবার জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত সুশাসন’। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যুনিবন্ধন এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন যে, জন্মনিবন্ধন নির্ভুল না হলে একটি নির্দিষ্ট এলাকায় কতটি শিশু জন্ম নিচ্ছে, সেখানে কতটি স্কুল বা হাসপাতাল প্রয়োজন কিংবা কতজন মানুষকে সামাজিক সুরক্ষার আওতায় আনা দরকার, তা সরকারের পক্ষে পরিকল্পনা করা সম্ভব হয় না। পাশাপাশি, নির্ভুল মৃত্যুনিবন্ধনের মাধ্যমে বোঝা সম্ভব হয় কোন এলাকায় কোন রোগের ঝুঁকি বেশি এবং সেই রোগ প্রতিরোধে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান বলেন, ‘দেশের মোট জনসংখ্যা এবং জন্ম ও মৃত্যুনিবন্ধনের ডেটাবেজে থাকা সংখ্যার মধ্যে অসামঞ্জস্য রয়েছে। তাই প্রশ্ন ওঠে, আমরা যে প্রক্রিয়া অনুসরণ করেছি, তা আসলে কতটা কার্যকর হচ্ছে। ব্রিটিশ আমলে ১৮৭৩ সালে জন্ম ও মৃত্যুনিবন্ধন আইন প্রণয়ন করা হয়েছিল। বাস্তবতা হলো, প্রায় দেড় শ বছরেও আমরা জন্ম ও মৃত্যুনিবন্ধনের কাজটি পুরোপুরি নির্ভুলভাবে করতে পারিনি। এটাই আমাদের বড় চ্যালেঞ্জ। জন্ম ও মৃত্যুনিবন্ধনের প্রক্রিয়াকে আরও নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য করতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, বর্তমানে দেশে প্রায় ২৫ কোটি জন্মনিবন্ধন রয়েছে, অথচ জনশুমারির তথ্য অনুযায়ী দেশের জনসংখ্যা প্রায় ১৮ কোটি। মূলত দ্বৈত নিবন্ধনের কারণেই এই বিশাল অসামঞ্জস্য তৈরি হয়েছে। তিনি বলেন, জনসংখ্যার অনুপাতে খাদ্যচাহিদা নির্ধারণসহ বিভিন্ন জাতীয় পরিকল্পনা করতে সঠিক নিবন্ধন অত্যন্ত জরুরি। সেই সাথে তিনি নাগরিকদের সময়মতো জন্ম ও মৃত্যুনিবন্ধন করার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান জন্ম ও মৃত্যুনিবন্ধন প্রক্রিয়ার সাথে যুক্ত ব্যক্তিদের যথাযথ প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, সরকার বর্তমানে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে এবং জন্মনিবন্ধন এই প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ। ফলে ডিজিটাল সুশাসনের পূর্ণ সুবিধা পেতে নাগরিকদের জন্মনিবন্ধন নির্ভুল হওয়া আবশ্যক।
ডেটাবেজের নির্ভুলতার গুরুত্ব তুলে ধরে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা বলেন, নাগরিকেরা কাঙ্ক্ষিত সেবা না পেলে কেবল সিস্টেম তৈরি করে কোনো লাভ নেই; সিস্টেমকে হতে হবে নাগরিকবান্ধব।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ফারাহ শাম্মী বলেন, এলাকায় কতটি স্কুল-হাসপাতাল প্রয়োজন এবং কোন এলাকায় কী ধরনের রোগের ঝুঁকি বেশি, এসব তথ্য জন্ম ও মৃত্যুনিবন্ধনের মাধ্যমেই সুস্পষ্টভাবে বোঝা যায়। ফলে জাতীয় পরিকল্পনা প্রণয়নের জন্য যথাযথ নিবন্ধন প্রয়োজন।
অনুষ্ঠানের সূচনা বক্তব্যে রেজিস্ট্রার জেনারেল আবু নছর মোহাম্মদ আবদুল্লাহ জানান, নির্ভুল জন্ম ও মৃত্যুনিবন্ধনের ক্ষেত্রে জনবলসংকট একটি বড় চ্যালেঞ্জ। এছাড়া প্রধান কার্যালয়ে জায়গার সংকট এবং লজিস্টিক সহায়তার ঘাটতি রয়েছে। তিনি উল্লেখ করেন, লক্ষ্যমাত্রা পূরণ করতে গিয়ে অতীতে ভুয়া জন্ম ও মৃত্যুনিবন্ধনের ঘটনাও ঘটেছে। তিনি প্রস্তাব করেন যে, প্রতিটি ইউনিয়নে ২০ থেকে ২৫ জন উদ্যোক্তাকে সম্পৃক্ত করা গেলে জন্ম ও মৃত্যুনিবন্ধন, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন প্রক্রিয়া সহজ হবে এবং নাগরিকদের ভোগান্তি কমবে।
বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের উন্নয়ন সহযোগিতা বিভাগের প্রধান মিখাল ক্রেজা বলেন, অনেক নাগরিকের সরাসরি ডিজিটাল সেবায় প্রবেশাধিকার নেই। ফলে তাঁদের পরিবারের সদস্য বা অন্যদের সহায়তা নিতে হয়। এমন একটি ডিজিটাল ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন, যা নাগরিকদের ক্ষমতায়িত করবে এবং পরনির্ভরশীলতা কমাবে।
বাংলাদেশে ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি জিলিয়ান মেলসপ নির্ভুল জন্মনিবন্ধনের গুরুত্ব বর্ণনা করে বলেন, কোথায় নতুন বিদ্যালয় হবে, কোথায় স্বাস্থ্যসেবা বেশি প্রয়োজন, কত টিকা সংগ্রহ করতে হবে কিংবা জনগোষ্ঠীর জন্য কতটা সামাজিক সুরক্ষা দরকার—এসব পরিকল্পনার মূল ভিত্তিই হলো নির্ভুল জন্মনিবন্ধন। তাই প্রতিটি পরিবারের জন্য জন্মনিবন্ধন প্রক্রিয়াকে সহজ, সাশ্রয়ী ও সময়োপযোগী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে নির্ভুল জন্ম ও মৃত্যুনিবন্ধন নিশ্চিত করা এবং সনদ সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তিতে বিশেষ অবদানের জন্য দেশের ১৩টি নিবন্ধন কার্যালয় ও চারজন কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়।