সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকোর একটি স্থাপনায় ইয়েমেনের হুতি সশস্ত্র গোষ্ঠীর চালানো ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় মো. সজীব হোসেন (২৬) নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত সজীবের গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায়।
আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মর্মান্তিক ঘটনার কথা জানানো হয়েছে। মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেছে এবং একই সঙ্গে নিহত বাংলাদেশির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল রোববার সৌদি আরবের আল খুরাইস এলাকায় আরামকোর স্থাপনায় ওই হামলা চালানো হয়, যার ফলে সজীব হোসেন প্রাণ হারান। এই ঘটনার পর রিয়াদের বাংলাদেশ দূতাবাস দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। দূতাবাস ইতিমধ্যে নিহতের পরিবারের সদস্য এবং তাঁর নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করছে। সজীবের মরদেহ যথাযথ আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে দেশে ফেরত পাঠানোর লক্ষ্যে দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় কার্যক্রম পরিচালনা করছে।
এই বিষয়ে জানতে চাওয়া হলে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম সন্ধ্যায় মুক্তকণ্ঠকে বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক। আমি পরিবারটির খোঁজখবর নিয়েছি। তাঁরা দুই ভাই ও বাবা সৌদিতে থাকতেন। সেখানে ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজীব নামে ওই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁর মরদেহ ফিরিয়ে আনার মূল উদ্যোগ সেখানে থাকা বাবা ও ভাই নেবেন।’