ব্যালন ডি’অর ২০২৬ কে জিতবেন, সেই রহস্য এখন আর ভোটারদের কাছেও গোপন নেই। পুরস্কারের জন্য ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আগামী ২৬ অক্টোবর লন্ডনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। তবে চূড়ান্ত ফল প্রকাশের আগেই ফুটবল বিশ্বের সাবেক তারকা ও পরিচিত মুখরা তাদের পছন্দের খেলোয়াড়দের নাম প্রকাশ করে দিয়েছেন, যা প্রতিযোগিতার উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। কেউ সমর্থন করছেন কিলিয়ান এমবাপ্পের, কেউ লামিনে ইয়ামালের, আবার কেউ হ্যারি কেইন কিংবা লিওনেল মেসির পক্ষে।

এবারের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় এমবাপ্পে, ইয়ামাল, কেইন ও মেসির পাশাপাশি গতবারের বিজয়ী উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, রদ্রি এবং ভিনিসিয়ুস জুনিয়রের মতো তারকাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

কিলিয়ান এমবাপ্পের পক্ষে সবচেয়ে জোরালো সমর্থন জানিয়েছেন থিয়েরি অঁরি। সাবেক এই ফরাসি ফরোয়ার্ড স্পষ্ট করে বলেছেন, তাঁর ব্যক্তিগত পছন্দ এমবাপ্পে। এই পছন্দের কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন যে, গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ, লা লিগা এবং বিশ্বকাপে এমবাপ্পে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অঁরির পছন্দের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ফ্রান্সেরই আরেক ফুটবলার মাইকেল ওলিসে।

অন্যদিকে, স্পেনের হয়ে বিশ্বকাপ জয় এবং লা লিগার সেরা খেলোয়াড় হওয়া সত্ত্বেও লামিনে ইয়ামালকে খুব একটা এগিয়ে দেখছেন না অঁরি। তাঁর মতে, বিশ্বকাপে চোটের কারণে ইয়ামাল তাঁর সেরা ছন্দে ফিরতে পারেননি, যা তাঁর বিপক্ষে একটি বড় কারণ।

এমবাপ্পের প্রতি সমর্থন জানিয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোসও। পর্তুগালের একটি অনুষ্ঠানে যখন তাঁকে পছন্দের খেলোয়াড়ের নাম জিজ্ঞেস করা হয়, তখন তাঁর উত্তর ছিল, ‘কিলিয়ান এমবাপ্পে’।

বার্সেলোনার সাবেক ফুটবলার ও ফ্রান্সের সাবেক ডিফেন্ডার স্যামুয়েল উমতিতিও জানিয়েছেন, ভোট দেওয়ার সুযোগ থাকলে তিনি এমবাপ্পেকই বেছে নেবেন। তাঁর যুক্তি অনুযায়ী, এমবাপ্পে ক্লাব এবং জাতীয় দলের হয়ে অসাধারণ একটি মৌসুম কাটিয়েছেন এবং প্রচুর গোল করেছেন।

২০০১ সালের ব্যালন ডি’অরজয়ী মাইকেল ওয়েনের মতেও এমবাপ্পের জয়ের সম্ভাবনা প্রবল। সাবেক এই ইংলিশ ফরোয়ার্ড এমবাপ্পের ব্যক্তিগত পরিসংখ্যান এবং বিশ্বকাপ পারফরম্যান্সকে বড় কারণ হিসেবে দেখছেন। উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপে ১০ গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন এমবাপ্পে।

তবে এমবাপ্পের বিপরীতে ইয়ামালের পক্ষে দাঁড়িয়েছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। নিউইয়র্কের এক অনুষ্ঠানে ইএসপিএনের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, তিনি বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ডের হাতেই ব্যালন ডি’অর দেখতে চান। এর আগে কেভিন হার্টের ‘কোল্ড এজ বলস’ অনুষ্ঠানেও বর্তমান প্রজন্মের সেরা হিসেবে ইয়ামালের নাম বলেছিলেন তিনি।

গত বছর ব্যালন ডি’অর ভোটে দ্বিতীয় হওয়া ইয়ামালকে এবার সবচেয়ে বড় দাবিদার মনে করছেন ক্যামেরুন তারকা স্যামুয়েল ইতো। বার্সেলোনার সাবেক এই ফুটবলার সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়ামালকে ‘আমাদের হৃদয়ের ব্যালন ডি’অর’ বলে শুভকামনা জানিয়েছেন। ২০২৫-২৬ মৌসুমে বার্সেলোনা ও স্পেনের হয়ে ৫৭ ম্যাচে ২৫ গোল ও ২০ অ্যাসিস্ট করেছেন ইয়ামাল।

হ্যারি কেইনের পক্ষেও সাবেক তারকাদের সমর্থন চোখে পড়ার মতো। রিও ফার্ডিন্যান্ড তো প্রায় প্রশ্নই তুলে দিয়েছেন—কেইন ছাড়া আর কে? ইউরোপিয়ান গোল্ডেন শু জেতার পর এক ভিডিও বার্তায় তিনি কেইনের ৭৩ গোল এবং বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হওয়ার বিষয়টি তুলে ধরে বলেছেন, ব্যালন ডি’অর কেইনেরই পাওয়া উচিত।

জার্মান কিংবদন্তি ইয়ুর্গেন ক্লিন্সমানও কেইনের পক্ষে কথা বলেছেন। ১৯৯৫ সালের ব্যালন ডি’অরে রানার্সআপ হওয়া সাবেক এই স্ট্রাইকার জানান, ভোট দেওয়ার সুযোগ থাকলে কেইনই তাঁর পছন্দ।

এই তালিকায় আরও একটি বড় নাম লোথার ম্যাথাউস। ১৯৯০ সালের ব্যালন ডি’অরজয়ী এই তারকার মতে কেইনই ফেবারিট। তিনি তিনটি কারণ দেখিয়েছেন—বায়ার্নের জার্মান ডাবল জয়ে কেইনের গোলের রেকর্ড, ইংল্যান্ডের বিশ্বকাপ সেমিফাইনালে ওঠা এবং ফুটবলে রোল মডেল হিসেবে তাঁর ভূমিকা। সব মিলিয়ে কেইন তাঁর চোখে এগিয়ে। ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়ক উগো লরিসও কেইনের পক্ষে কথা বলেছেন। টটেনহামের কেইনের সঙ্গে খেলেছিলেন তিনি। রিও ফার্ডিন্যান্ডের অনুষ্ঠানে লরিসও বলেছেন, কেইন ব্যালন ডি’অর জিততে পারেন।

২০২৫-২৬ মৌসুমে ক্লাব ও দেশের হয়ে কেইন মোট ৭৩ গোল করেছেন, যা ইউরোপীয় ক্লাব ফুটবলের এক মৌসুমে মেসির ৮২ গোলের পর দ্বিতীয় সর্বোচ্চ।

৩৯ বছর বয়স হলেও লিওনেল মেসিকে আলোচনার বাইরে রাখছেন না অনেকে। তাঁর পক্ষে সরব হয়েছেন ডেভিড বেকহাম। ইন্টার মায়ামির সহমালিক ও সাবেক ইংলিশ তারকা বলেছেন, বিশ্বকাপে মেসির পারফরম্যান্সের পর তাঁর নবম ব্যালন ডি’অর জেতা উচিত।

মেসির নেতৃত্বেই টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। আট গোল ও চার অ্যাসিস্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করা আটবারের ব্যালন ডি’অরজয়ীকে এবারও দাবিদার মনে করেছেন পিওতর চেক। চেক প্রজাতন্ত্রের এই গোলকিপার বলেছেন, মেসির ভালো সুযোগ আছে।

সাবেক তারকা ফুটবলারদের পছন্দ যার যার ভিন্ন হলেও, চূড়ান্ত সিদ্ধান্ত হবে ১০০ জন সাংবাদিকের ভোটের মাধ্যমে। সেই কাঙ্ক্ষিত ফলাফল প্রকাশ পাবে আগামী ২৬ অক্টোবর লন্ডনে। তবে তার আগে সাবেক তারকাদের এই পছন্দের তালিকাটি স্পষ্ট করে দিয়েছে যে, এবারের ব্যালন ডি’অরের লড়াই কতটা জমজমাট হতে যাচ্ছে।