সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গতকাল শনিবার ৯ দিনের এক সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

সফরের প্রথম পর্যায়ে সেনাপ্রধান অস্ট্রেলিয়ার পার্থ শহরে আয়োজিত 'দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬'-এ অংশগ্রহণ করবেন। এছাড়া তিনি মেলবোর্নে অবস্থিত ডিকিন ইউনিভার্সিটি পরিদর্শন করবেন বলে জানা গেছে।

অস্ট্রেলিয়া সফর শেষ করে জেনারেল ওয়াকার-উজ-জামান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যাবেন। সেখানে তিনি 'অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি (এইউএসএ) অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশনে' যোগ দেবেন।

পুরো সফরকালে সেনাবাহিনী প্রধান উভয় দেশের প্রতিরক্ষা খাতের উচ্চপদস্থ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। পাশাপাশি তিনি দুই দেশের বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করবেন।