যুক্তরাষ্ট্রের অভিবাসন ও ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তনের ফলে বিদেশে ক্যারিয়ার গড়ার পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে তথ্যপ্রযুক্তি (আইটি) খাতের পেশাজীবীদের। মার্কিন যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের জন্য নির্ধারিত নিয়মকানুনে অনিশ্চয়তা তৈরি হওয়ায় অনেক প্রযুক্তিকর্মী এখন যুক্তরাষ্ট্রের বাইরে বিকল্প গন্তব্য খুঁজছেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফেডারেল শ্রম সনদ কর্মসূচি থেকে মাইক্রোসফট, ইনফোসিস, উইপ্রো এবং টাটারের মতো আটটি বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করা হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, শ্রমমন্ত্রী কিথ সন্ডারলিং এবং অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চের তত্ত্বাবধানে পরিচালিত একটি অ্যান্টি-ফ্রড টাস্কফোর্স এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এই সিদ্ধান্তের ফলে আইটি পেশাজীবীদের জন্য গ্রিন কার্ড পাওয়ার পথ আগের চেয়ে অনেক সংকুচিত হয়ে পড়েছে।
এমন এক সংকটময় পরিস্থিতিতে সফটওয়্যার ডেভেলপার, প্রোগ্রামার এবং আইটি বিশেষজ্ঞদের জন্য ইউরোপ, এশিয়া-প্যাসিফিক ও মধ্যপ্রাচ্যের আটটি দেশ এখন অত্যন্ত আকর্ষণীয় বিকল্প হিসেবে সামনে এসেছে। ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এই আটটি দেশের ভিসা প্রক্রিয়া এবং কর্মসংস্থানের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যা নিচে সংক্ষেপে তুলে ধরা হলো—
১. অস্ট্রেলিয়া: দক্ষ পেশাজীবীদের জন্য অস্ট্রেলিয়ায় মূলত দুটি প্রধান পথ খোলা রয়েছে—একটি হলো নিয়োগকর্তা-স্পনসরড ভিসা এবং অন্যটি পয়েন্টভিত্তিক দক্ষ অভিবাসন ব্যবস্থা। এখানে আবেদনকারীর বয়স, ইংরেজি ভাষায় দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার ওপর ভিত্তি করে পয়েন্ট গণনা করা হয়। তবে মনে রাখতে হবে, শুধু ন্যূনতম পয়েন্ট অর্জন করলেই ভিসা নিশ্চিত হয় না; এর জন্য প্রয়োজনীয় দক্ষতা মূল্যায়ন এবং আবেদনের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ পাওয়া আবশ্যক।
২. কানাডা: কানাডার জনপ্রিয় ‘এক্সপ্রেস এন্ট্রি’ ব্যবস্থার মাধ্যমে দক্ষ পেশাজীবীরা স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে পারেন। আবেদনকারীর বয়স, শিক্ষা, অভিজ্ঞতা এবং ইংরেজি বা ফরাসি ভাষায় দক্ষতার ওপর ভিত্তি করে সিআরএস (কম্প্রিহেনসিভ র্যাঙ্কিং সিস্টেম) স্কোর প্রদান করা হয়। এই প্রতিযোগিতামূলক স্কোরের লড়াইয়ে যারা এগিয়ে থাকেন, তারাই কেবল ভিসার আমন্ত্রণপত্র পান।
৩. জার্মানি: নির্দিষ্ট বেতন এবং যোগ্যতার শর্ত পূরণ করতে পারলে জার্মানির ‘ইইউ ব্লু কার্ড’ প্রযুক্তি পেশাজীবীদের জন্য এক অনন্য সুযোগ। বিশেষ বিষয় হলো, প্রথাগত বিশ্ববিদ্যালয় ডিগ্রি না থাকলেও যদি পর্যাপ্ত পেশাগত অভিজ্ঞতা থাকে এবং নির্দিষ্ট বেতনের চুক্তি স্বাক্ষরিত হয়, তবে অনেক আইটি বিশেষজ্ঞ এই ভিসার জন্য যোগ্য বলে বিবেচিত হতে পারেন।
৪. আয়ারল্যান্ড: বিশেষায়িত দক্ষতাসম্পন্ন কর্মীদের নিজেদের দেশে আকৃষ্ট করতে আয়ারল্যান্ড সরকার ‘ক্রিটিক্যাল স্কিলস এমপ্লয়মেন্ট পারমিট’ প্রদান করে। এই তালিকায় সফটওয়্যার ডেভেলপার এবং প্রোগ্রামাররা বিশেষ অগ্রাধিকার পেয়ে থাকেন। তবে এক্ষেত্রে নির্ধারিত বেতনসীমা, শিক্ষাগত যোগ্যতা এবং চাকরির চুক্তির শর্তাবলি অত্যন্ত কঠোরভাবে যাচাই করা হয়।
৫. নেদারল্যান্ডস: উচ্চ দক্ষতাসম্পন্ন অভিবাসীদের জন্য নেদারল্যান্ডসে বিশেষ রেসিডেন্স পারমিটের ব্যবস্থা চালু রয়েছে। তবে এই সুবিধা পেতে হলে নিয়োগকর্তা প্রতিষ্ঠানটিকে অবশ্যই ডাচ অভিবাসন দপ্তর (আইএনডি) কর্তৃক স্বীকৃত স্পনসর হতে হবে। পাশাপাশি আবেদনকারীকে নির্দিষ্ট আয়ের শর্ত পূরণ করতে হয়।
৬. সিঙ্গাপুর: বিদেশি পেশাজীবী এবং ব্যবস্থাপকদের জন্য সিঙ্গাপুরে ‘এমপ্লয়মেন্ট পাস’ ব্যবস্থা রয়েছে। এই পাস পাওয়ার জন্য নির্ধারিত বেতনের পাশাপাশি ‘কম্পাস’ (কমপ্লিমেন্টারিটি অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ক) মূল্যায়নে উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। এখানে প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতা, বেতন এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের সামগ্রিক কর্মী কাঠামো বিবেচনা করা হয়।
৭. সংযুক্ত আরব আমিরাত (ইউএই): প্রযুক্তি খাতের পেশাজীবীদের জন্য আমিরাতে কর্মসংস্থানভিত্তিক ভিসা এবং দীর্ঘমেয়াদি বসবাসের বিশেষ সুযোগ রয়েছে। তবে মনে রাখা প্রয়োজন যে, কাজের অনুমতিপত্র (ওয়ার্ক পারমিট) এবং বসবাসের ভিসার নিয়মকানুন সম্পূর্ণ আলাদা। তাই কোনো চাকরির প্রস্তাব গ্রহণ করার আগে ভিসার মেয়াদ এবং প্রতিষ্ঠান পরিবর্তনের শর্তগুলো ভালোভাবে জেনে নেওয়া জরুরি।
৮. যুক্তরাজ্য: যুক্তরাজ্যের ‘স্কিলড ওয়ার্কার ভিসা’র মাধ্যমে অনুমোদিত প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাওয়া যায়। এই ভিসার জন্য নির্দিষ্ট চাকরির প্রস্তাব, স্পনসরশিপ সনদ, নির্ধারিত বেতন এবং ইংরেজি ভাষায় দক্ষতার শর্তগুলো পূরণ করা বাধ্যতামূলক।