সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আগামী ৯ দিনের এই দীর্ঘ সফরে তিনি দুই দেশের প্রতিরক্ষা খাতের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন।
শনিবার (৩ অক্টোবর) তিনি ঢাকা থেকে প্রস্থান করেছেন বলে এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সফরের প্রথম পর্যায়ে সেনাপ্রধান অস্ট্রেলিয়ার পার্থ শহরে যাবেন। সেখানে তিনি ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’-এ অংশগ্রহণ করবেন। এছাড়া অস্ট্রেলিয়া সফর চলাকালীন তিনি মেলবোর্নে অবস্থিত ডিকিন ইউনিভার্সিটি পরিদর্শনে যাবেন বলে জানা গেছে।
সফরের দ্বিতীয় পর্যায়ে জেনারেল ওয়াকার-উজ-জামান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যাবেন। সেখানে তিনি ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি (AUSA) অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’-এ যোগ দেবেন।
পুরো সফরকালে সেনাপ্রধান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। সেই সঙ্গে তিনি দুই দেশের বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শনে যাবেন।