দুর্গম পার্বত্য অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে রাঙামাটি সফর করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার তিনি রাঙামাটি অঞ্চলের বিলাইছড়ি ও কাপ্তাই জোনের সেনা ক্যাম্পগুলো পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সেনাপ্রধান পার্বত্য এলাকায় কর্মরত সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। প্রতিকূল পরিবেশ এবং সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও দেশের শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের পেশাদারি, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টার জন্য তিনি আন্তরিক সাধুবাদ জানান। একই সঙ্গে ভবিষ্যতেও একইভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন সেনাপ্রধান।
জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে এই সফরে উপস্থিত ছিলেন ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও চট্টগ্রাম এরিয়ার এরিয়া কমান্ডার, সেনাবাহিনীর সামরিক সচিব, সেনা সদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা।