অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (১৭ অক্টোবর) তিনি স্বদেশে প্রত্যাবর্তন করেন।
সফরের প্রথম পর্যায়ে সেনাপ্রধান অস্ট্রেলিয়ার পার্থ শহরে আয়োজিত ‘দ্য চিফ অভ আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন টুয়েন্টি টুয়েন্টি সিক্স’-এ অংশ নেন। এই কর্মসূচির অংশ হিসেবে তিনি মেলবোর্নের ডিকিন ইউনিভার্সিটি পরিদর্শন করেন। সেখানে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি)-এর সাথে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং অ্যাকাডেমিক বিনিময় কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
এরপর সফরসূচির দ্বিতীয় পর্যায়ে সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউ এস আর্মি (এউসা) অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’-এ অংশগ্রহণ করেন।
সফরকালীন সময়ে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের উচ্চপদস্থ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। পাশাপাশি তিনি উভয় দেশের বেশ কিছু সামরিক স্থাপনা পরিদর্শন করেন।
আশা করা হচ্ছে, এই সফরের ফলে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিকের (ইউ-এস-আর্মি-প্যাক)-এর বিদ্যমান পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় হবে। একইসঙ্গে পারস্পরিক সহযোগিতা, প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আরও বিস্তৃত হবে বলে মনে করা হচ্ছে।