যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের এক এস্টেট সেলে সাধারণ কিছু জিনিসের ভিড়ে ধুলাবালু ঘেঁটে মাত্র ৩০ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৩ হাজার ৬৮০ টাকা) দিয়ে একটি পুরোনো চিত্রকর্ম কিনেছিলেন এক ‘ট্রেজার হান্টার’ বা রত্ন সংগ্রাহক। সেই মুহূর্তে হয়তো তিনি কল্পনাও করতে পারেননি যে, অত্যন্ত সস্তায় কেনা এই সাধারণ ক্যানভাসটিই একদিন তাঁকে কোটিপতির তালিকায় নাম লিখিয়ে দেবে।

এস্টেট সেলের জন্য রাখা অন্যান্য মালপত্রের মাঝে অবহেলায় পড়ে থাকা এই বিশেষ চিত্রকর্মটি যুক্তরাষ্ট্রের শিকাগোর প্রখ্যাত পরাবাস্তববাদী চিত্রশিল্পী গারট্রুড অ্যাবারক্রমবির সৃষ্টি। দীর্ঘ সময় ধরে এই শিল্পকর্মটি নিখোঁজ ছিল। সম্প্রতি ফ্রিম্যানস অকশনসে চিত্রকর্মটি নিলামে তোলা হয়। সেখানে এটি অবিশ্বাস্য মূল্যে বিক্রি হয়েছে; চূড়ান্তভাবে সাড়ে ১৩ লাখ ডলারে হাতবদল হয় ছবিটি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৬ কোটি টাকারও বেশি।

এটি অ্যাবারক্রোমবির আঁকা শিল্পকর্মের মধ্যে এযাবৎকালের সবচেয়ে চড়া দামে বিক্রি হওয়া চিত্রকর্মের স্বীকৃতি পেয়েছে।

চিত্রকর্মটির শিরোনাম ‘অল্ডারম্যান মেরিয়ামস সেলস’। গারট্রুড অ্যাবারক্রোমবি ১৯৫১ সালে এটি এঁকেছিলেন। নিলাম আয়োজকদের প্রাথমিক ধারণা ছিল, চিত্রকর্মটি ১ লাখ ৫০ হাজার থেকে ২ লাখ ৫০ হাজার ডলারের মধ্যে বিক্রি হতে পারে। তবে সবাইকে চমকে দিয়ে চূড়ান্ত নিলামে প্রত্যাশার চেয়ে বহুগুণ বেশি দামে ছবিটি বিক্রি হয়ে যায়।

বিশেষজ্ঞদের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৫২ সালে চিকিৎসাসেবার বিনিময়ে মিশিগানের কালামাজু শহরের চিকিৎসক জন রেনল্ডসকে ছবিটি উপহার হিসেবে দিয়েছিলেন শিল্পী। প্রায় ৭৫ বছর ধরে এই মূল্যবান চিত্রকর্মটি ওই চিকিৎসকের পরিবারের কাছেই সংরক্ষিত ছিল।