মিশিগানের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে অভাবনীয় জয় লাভ করেছেন চিকিৎসক আবদুল আল–সাইদ। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সিনেটর নির্বাচিত হওয়ার অনন্য গৌরব অর্জন করলেন তিনি। তাঁর এই বিজয় কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং বহু মুসলিম আমেরিকানের কাছে এক নতুন আশার আলো এবং আনন্দের উৎস হয়ে দাঁড়িয়েছে।

মিশিগানের মুসলিম সম্প্রদায়ের কাছে আবদুল আল–সাইদ দীর্ঘকাল ধরে অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। ২০১৮ সালে গভর্নর পদের লড়াই থেকে শুরু করে স্থানীয় মসজিদে জুমার খুতবা প্রদান—সামাজিক ও ধর্মীয় নানা কর্মকাণ্ডের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে এই সম্প্রদায়ের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। নির্বাচনী প্রচারণার সময় তিনি কেবল মুসলিম ভোটারদের কথা বলেননি, বরং মিশিগানের প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার করেছিলেন। প্রচারণার তীব্র চাপ ও প্রতিকূল পরিবেশের মধ্যেও সাধারণ মানুষের সঙ্গে তাঁর ব্যক্তিগত যোগাযোগ এবং আন্তরিকতা ছিল অটুট।

সাধারণত যুক্তরাষ্ট্রে মুসলিম রাজনীতিকদের ক্ষেত্রে একটি ধারণা প্রচলিত যে, নির্বাচনের আগে মসজিদে যাওয়া কিংবা সালাম দেওয়ালেই তাঁদের সমর্থন পাওয়া সম্ভব। কিন্তু এল-সায়েদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন; তিনি নিজেই এই সম্প্রদায়ের একজন অবিচ্ছেদ্য অংশ। এই আত্মিক সংযোগই মুসলিম ভোটারদের মধ্যে তাঁর প্রার্থিতার প্রতি এক বিশেষ উৎসাহ ও উদ্দীপনা তৈরি করেছিল।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে গাজায় ইসরায়েলের চালানো গণহত্যার প্রতি বাইডেন-হ্যারিস প্রশাসনের সমর্থনের তীব্র প্রতিবাদ জানিয়ে অনেক মুসলিম ভোটার ডেমোক্র্যাটদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। সেই ক্ষোভ এখনো অনেকের মনে বিদ্যমান। তবে এবারের নির্বাচনে তাঁরা এমন একজন প্রার্থীকে পেয়েছেন, যিনি শুরু থেকেই ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংস সহিংসতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। পাশাপাশি তিনি মিশিগানের সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং আবাসনের মতো মৌলিক সমস্যাগুলো নিয়েও কথা বলেছেন।

ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থনের সমালোচনা করায় আবদুল আল–সাইদ ওয়াশিংটনের প্রভাবশালী মহলের তীব্র বিরোধিতার মুখে পড়েন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার তাঁর নাম নিয়ে বিদ্রূপ করেছেন। রাজনৈতিক প্রতিপক্ষ এবং কিছু ভোটার তাঁর মুসলিম পরিচয়কে সন্দেহের কারণ হিসেবে উপস্থাপন করেন। এমনকি যেসব সংগঠনের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই, সেগুলোর সঙ্গেও তাঁকে জড়িয়ে নানা ভিত্তিহীন অভিযোগ তোলা হয়।

তবে এসব ব্যক্তিগত ও রাজনৈতিক আক্রমণের মুখে আবদুল আল–সাইদ কখনো নিজের পরিচয় আড়াল করেননি। যখনই তাঁর নাম নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, তিনি কৌশলে আলোচনার মোড় ঘুরিয়ে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, বাসস্থান, স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার ব্যয় নিয়ে কথা বলেছেন।

ফিলিস্তিনে গণহত্যার বিরোধিতা করায় যখন তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়, তখন তিনি পাল্টা প্রশ্ন তুলেছেন, “শিশুদের বোমার ভয় ছাড়া বেঁচে থাকার অধিকার চাওয়া কীভাবে ঘৃণার প্রকাশ হতে পারে?” সরকারি উচ্চপদে নির্বাচিত হওয়ার জন্য একজন মুসলিমকে নিজের সম্প্রদায় কিংবা ফিলিস্তিনের পক্ষে অবস্থান ত্যাগ করতে হবে—এমন সংকীর্ণ ধারণাও তিনি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন।

জয়ের পর দেওয়া আবেগঘন ভাষণে আল–সাইদ নিজের পূর্ণ নাম—“আবদুর রহমান মোহাম্মদ এল-সায়েদ”—উচ্চারণ করেন। প্রচারণার সময় যখন তাঁর জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠত, তিনি প্রায়ই ‘ইনশা আল্লাহ’ বলতেন। আর বিজয়ী হওয়ার পর তিনি বলেন, এবার ‘আলহামদুলিল্লাহ’ বলার সময় এসেছে। এই মুহূর্তটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, তাঁর মুসলিম পরিচয়কে নির্বাচনে অযোগ্যতার কারণ হিসেবে প্রতিষ্ঠিত করার আপ্রাণ চেষ্টা করা হলেও, শেষ পর্যন্ত তিনি নিজের পরিচয় নিয়েই জয় ছিনিয়ে নিয়েছেন।

তাঁর বিরুদ্ধে প্রচার চালাতে প্রতিপক্ষ বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছিল। আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির (আইপ্যাক) সঙ্গে সংশ্লিষ্ট একটি সুপার পিএসি মিশিগানের ডেমোক্রেটিক প্রাইমারিতে প্রায় তিন কোটি ডলার খরচ করে। এই বিপুল অর্থ ব্যয়ের মূল উদ্দেশ্য ছিল ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরোধিতা করা আল–সাইদকে পরাজিত করা। কিন্তু তাঁর জয় প্রমাণ করেছে যে, আইপ্যাকের মতো প্রভাবশালী লবিগোষ্ঠীর অর্থবিত্তই সব সময় নির্বাচনের ফলাফল নির্ধারণ করে দিতে পারে না।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির জয়ের পর অনেকের ধারণা ছিল, ফিলিস্তিনের পক্ষে সোচ্চার কোনো মুসলিম প্রার্থী কেবল উদারপন্থী বড় শহরগুলোতেই জয়ী হতে পারেন। ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পের জয় পাওয়া অঙ্গরাজ্যগুলোতে তাঁর পক্ষে জয়লাভ করা কঠিন হবে বলে মনে করা হয়েছিল। কিন্তু আল–সাইদ সেই ধারণা ভেঙে দিয়েছেন। তিনি ছোট শহর, গ্রাম, শিল্পাঞ্চল ও শহরতলি—সবখানেই ঘুরে প্রচার চালিয়েছেন। গির্জা ও মসজিদ—উভয় জায়গাতেই গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছেন এবং শেষ পর্যন্ত পুরো অঙ্গরাজ্যেই জয়লাভ করেছেন।

মিশিগান দীর্ঘদিন ধরেই মুসলিম আমেরিকানদের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ডিয়ারবর্নের আরব রেস্তোরাঁ ও কফিশপ থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম-সংখ্যাগরিষ্ঠ শহর হ্যামট্রামিক—এই পুরো অঞ্চলে কয়েক প্রজন্ম ধরে মুসলিমরা মসজিদ, স্কুল, ব্যবসাপ্রতিষ্ঠান ও নানা সামাজিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তবে এই অগ্রগতির পাশাপাশি তাঁদের দীর্ঘকাল ধরে সন্দেহ ও বৈষম্যের মুখেও পড়তে হয়েছে।

এবারের নির্বাচনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে আরও কয়েকজন মুসলিম প্রার্থী ইতিহাস গড়েছেন। দারিয়ালিজা আভিলা শেভালিয়ের, আবের কাওয়াস ও নাবিলা সৈয়দসহ অনেকে কংগ্রেস ও অঙ্গরাজ্যের আইনসভায় নির্বাচিত হয়েছেন। তাঁরা মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে নীরব থাকাকে রাজনীতিতে প্রবেশের শর্ত হিসেবে মেনে নেননি।

তবে আবদুল আল–সাইদের জয় নিয়ে মুসলিম সম্প্রদায়ের ভেতরেই মতভেদ ছিল। সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে প্রচারে অংশ নেওয়ায় কেউ কেউ তাঁর সমালোচনা করেছেন। গাজায় ইসরায়েলের গণহত্যায় সহায়তা এবং বিভিন্ন মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশে বেসামরিক মানুষের ওপর ড্রোন হামলার মতো বিষয়গুলো তাঁদের ক্ষোভের মূল কারণ। তা সত্ত্বেও অনেকেই আবদুল আল–সাইদকে ভোট দিয়েছেন তাঁর ব্যক্তিগত আন্তরিকতার ওপর আস্থা রেখে। কারণ, তিনি বারবার স্পষ্ট করেছেন যে, তাঁর প্রচারে যারা সমর্থন দিয়েছেন, তাঁদের সবার নীতির সঙ্গে তিনি একমত নন।

বাস্তবতা হলো, একজন সিনেটর একা যুক্তরাষ্ট্রের সামগ্রিক যুদ্ধনীতি কিংবা দেশের ভেতরের বৈষম্যমূলক কাঠামো রাতারাতি বদলে দিতে পারবেন না। মুসলিম প্রতিনিধিত্বকেই যদি মুক্তির একমাত্র পথ মনে করা হয়, তবে তা অর্থহীন হয়ে পড়ার ঝুঁকি থাকে।

তবে আবদুল আল–সাইদের প্রচারণার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল, তিনি যুদ্ধবিরোধী অবস্থানের সঙ্গে স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি ও ন্যায্য মজুরির দাবিকে এক সুতোয় গেঁথেছেন। তিনি এমন এক মায়ের কথা বলেছেন, যিনি সন্তানের জীবনরক্ষাকারী ওষুধের ব্যবস্থা করতে লড়াই করছেন। তিনি শ্রমিকের ইউনিয়ন গঠনের সংগ্রামের কথা বলেছেন। তাঁর মূল বক্তব্য ছিল, অন্য দেশের শিশুদের হত্যা করতে যে অর্থ ব্যয় করা হয়, তার নেতিবাচক প্রভাব যুক্তরাষ্ট্রের ভেতরে থাকা শিশুদের জীবনেও পড়ে।

অবশ্য আবদুল আল–সাইদের জয় রাতারাতি যুক্তরাষ্ট্রের নীতিকে ন্যায়সংগত করে তুলবে না, কিংবা ফিলিস্তিনের কোনো শিশুকে ফিরিয়ে আনবে না। ডেমোক্র্যাটদের কিংবা যুক্তরাষ্ট্রের সরকারের দায়ও এতে মুছে যাবে না। সিনেটর হিসেবে তাঁর প্রতিটি কাজের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

তা সত্ত্বেও তাঁর এই জয় একটি প্রচলিত ও বদ্ধমূল ধারণাকে ভেঙে দিয়েছে। ধারণাটি ছিল—যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সফল হতে হলে মুসলিম আমেরিকানদের নিজেদের ধর্মীয় পরিচয় আড়াল করতে হবে। বছরের পর বছর তাঁদের বলা হয়েছে, সফল হতে চাইলে নিজেদের নাম, বক্তব্য ও দাবিদাওয়া বদলে ফেলতে হবে। কিন্তু মিশিগানের নির্বাচনের ফল দেখিয়েছে, মুসলিম পরিচয় অক্ষুণ্ন রেখেও যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রাজনৈতিক পরিসরে জায়গা করে নেওয়া সম্ভব।

আবদুল আল–সাইদ নিজের অঙ্গরাজ্যের মানুষের সেবা করতে গিয়ে মুসলিম পরিচয় সংকুচিত করেননি। নিজেদের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ চাইতে অন্য মুসলিমদেরও এখন আর নিজেদের পরিচয় নিয়ে সংকোচ করার প্রয়োজন নেই।

বিলাল ইরফান একজন বায়োএথিসিস্ট। তিনি হার্ভার্ডের ব্রিগহাম অ্যান্ড উইমেনস হাসপাতাল ও ইউনিভার্সিটি অব মিশিগানে গবেষণা করেছেন। আলজাজিরা থেকে নেওয়া এই প্রতিবেদনটি ইংরেজি থেকে অনূদিত।