রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে অবস্থিত ফুয়াং ক্লাব ও বারে যৌথ অভিযান পরিচালনা করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট ইনটেলিজেন্স বা নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (মূল্য সংযোজন কর)।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে ওই ক্লাবটিতে এই অভিযান শুরু হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুরুল ইসলামের মালিকানাধীন এই ক্লাব ও বারটি। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে জুয়া ও ক্যাসিনো পরিচালনার অভিযোগে ২০১৯ সালেও আইনশৃঙ্খলা বাহিনী এই ক্লাবটিতে অভিযান চালিয়েছিল। তবে শনিবারের নতুন এই অভিযানের নির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে গত বৃহস্পতিবার (১ অক্টোবর) শুল্কমুক্ত মদ মজুতের অভিযোগে রাজধানীর দক্ষিণ গুলশানে অবস্থিত ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’ নামের একটি ওয়্যারহাউজে যৌথ অভিযান চালিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১)-এর ওই যৌথ অভিযানে ‘অননুমোদিত’ গুদামে শুল্কমুক্ত মদ রাখার অভিযোগে শেখ নুর ইসলামের দুটি বৈধসহ মোট চারটি গুদাম সিলগালা করা হয়।