রাজধানীর গুলশান, উত্তরা ও তেজগাঁও এলাকার চারটি বার ও প্রতিষ্ঠানে একযোগে যৌথ অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন বিভিন্ন ইউনিট। এই বিশেষ অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ২৩০ পিস লিকার এবং আরও প্রায় ৬৩৭ লিটার অনুমোদনহীন লিকার জব্দ করা হয়েছে। এনবিআরের অধীনে থাকা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), কাস্টমস গোয়েন্দা, আয়কর গোয়েন্দা ইউনিট, ভ্যাট গোয়েন্দা এবং স্থানীয় ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা এই সমন্বিত অভিযানে অংশ নেন।

অভিযানের আওতায় আসা প্রতিষ্ঠানগুলো হলো—গুলশানের ফুয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, উত্তরার মার্গারিটা লাউঞ্জ, তেজগাঁওয়ের হাবিব হোটেল ইন্টারন্যাশনাল (হোটেল হলিডে ইন) এবং গুলশানের ‘র ক্যানভাস রেস্টুরেন্ট’। তল্লাশি চালিয়ে এসব প্রতিষ্ঠানে অনুমোদনহীন মদ মজুদ, বার লাইসেন্সে গুরুতর অনিয়ম এবং আমদানির ক্ষেত্রে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকার প্রমাণ পাওয়া গেছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অতিরিক্ত মহাপরিচালক রিজভী আহমেদ শনিবার রাত সাড়ে ১০টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযানের বিস্তারিত তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীর গুলশান এলাকায় অবস্থিত ফুয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড নামের প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রতিষ্ঠানটি থেকে ২৩০ পিস অনুমোদনহীন লিকার (মদ), ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদন ছাড়া আমদানি করা জিনসেং এবং প্রায় এক কেজি জাফরান জব্দ করা হয়। বিভিন্ন ব্র্যান্ডের ২৩০ পিস লিকারের পক্ষে প্রতিষ্ঠানটি কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেনি। এসব লিকার একটি ছোট কাভার্ড ভ্যানে করে তাদের রেস্টুরেন্ট প্রাঙ্গণের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে অভিযান পরিচালনাকারী দল সেখানে উপস্থিত হয়ে অবৈধ লিকারসহ গাড়িটিকে আটক করে।

রাজধানীর উত্তরা এলাকায় অবস্থিত মার্গারিটা লাউঞ্জ নামের একটি বারে অভিযান চালিয়ে ৬০৮ লিটার অনুমোদনহীন মদ ও লিকার জাতীয় পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা এই ৬০৮ লিটার পণ্যের মধ্যে মাত্র ৩৬ লিটার ছিল দেশীয় উৎপাদিত পণ্য। তবে এই ৩৬ লিটার ক্রয়ের যে নথিপত্র তারা দেখিয়েছে, তা-ও যথাযথ ছিল না। বাকি বিদেশি মদের পুরোটাই ছিল অনুমোদনবিহীন।

তেজগাঁও এলাকার হোটেল হলিডে ইনের বিষয়ে বলা হয়, সেখানে যে বারটি পরিচালিত হচ্ছে, সেটি হোটেলের নিজস্ব নামে লাইসেন্স করা নয়। বারের লাইসেন্সটি হাবিব হোটেল ইন্টারন্যাশনা নামের অন্য একটি প্রতিষ্ঠানের নামে। প্রাতিষ্ঠানিক ‘ব্র্যান্ড নেম’ ও ‘ট্রেড নেম’ আলাদা হতে পারে। তবে এ ক্ষেত্রে নারকোটিক্স (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ) অধিদপ্তরের যে ধরনের অনুমোদনের প্রয়োজন ছিল, তার কোনো নথিপত্র তারা দেখাতে পারেনি।

তা ছাড়া গুলশানে অবস্থিত ‘র ক্যানভাস বার অ্যান্ড রেস্টুরেন্ট’ থেকে ২৯ লিটার অনুমোদনবিহীন লিকার জব্দ করা হয়েছে।