চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল করার সময় ১০ থেকে ১২ জন যুবককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা দুইটার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি মাইক্রোবাসও জব্দ করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পবিত্র জুমার নামাজের পর একটি মাইক্রোবাসে করে কয়েকজন যুবক সিআরবি এলাকার বক্ষব্যাধি হাসপাতালের সামনে পৌঁছান। সেখানে তারা নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার ও পোস্টার হাতে নিয়ে মিছিল শুরু করেন। তবে পাশেই পুলিশের একটি টহল দল অবস্থান করায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। পুলিশের ধাওয়ায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং সেখান থেকে অন্তত ১০ জনকে আটক করা হয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, আটক যুবকেরা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী।

আটককৃতদের পরিচয় সম্পর্কে পুলিশ তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেনি। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির মুক্তকণ্ঠকে বলেন, "কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ব্যানার হাতে মিছিল করার সময় ১০-১২ জনকে আটক করা হয়েছে। তাঁদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"