জুলাই গণ-অভ্যুত্থানের সময়ে চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ করতে একজন প্রতিনিধি নিয়োগ করেছে ইন্টার–পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)। সুইজারল্যান্ডভিত্তিক এই সংগঠনটি বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় সংসদগুলোর একটি বৈশ্বিক জোট।
আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার বিচারকাজ চলাকালীন আইপিইউর প্রতিনিধি হেলেন মাসিন উপস্থিত থেকে পুরো কার্যক্রম প্রত্যক্ষ করেন।
গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এই মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীসহ মোট ২২ জন আসামি রয়েছেন। মামলার শুনানির দিন আজ ট্রাইব্যুনালে ফজলে করিমসহ পাঁচজন আসামি উপস্থিত থাকলেও হাছান মাহমুদ ও নওফেলসহ বাকি ১৭ জন আসামি পলাতক রয়েছেন।
আজকের শুনানিতে সূচনা বক্তব্যের মাধ্যমে এই মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়। এরপর আদালতের কার্যক্রমের অংশ হিসেবে একজনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
আসামি ফজলে করিমের আইনজীবী রিজওয়ানা ইউসুফ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে আলাপকালে জানান, এ বি এম ফজলে করিম চৌধুরী আইপিইউর মানবাধিকার কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি বলেন, “এই মামলাটি ভালোভাবে পরিচালিত হচ্ছে কি না, সবকিছু ঠিক আছে কি না—এসব দেখার জন্য আইপিইউ পর্যবেক্ষক পাঠিয়েছে।”
অন্যদিকে, ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, চট্টগ্রামের এই মামলার প্রসিডিংস (বিচারিক কার্যক্রম) পর্যবেক্ষণ করতে মানবাধিকারকর্মী ও ফ্রান্সের আইনজীবী হেলেন এসেছেন। তিনি শুরু থেকেই মামলার কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন। চিফ প্রসিকিউটর জানান, হেলেন বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছিলেন এবং প্রসিকিউশনের পক্ষ থেকে সেসব ক্লারিফাই (পরিষ্কার) করা হয়েছে। তাঁর মতে, প্রসিকিউশনের জবাবে ওই পর্যবেক্ষক আশ্বস্ত হয়েছেন।
চিফ প্রসিকিউটর আরও উল্লেখ করেন, আসামিপক্ষের আইনজীবীরা আজ কেন সময় চেয়েছেন—বিদেশি পর্যবেক্ষক হেলেন বারবার সে বিষয়ে জানতে চেয়েছেন। এর জবাবে তিনি হেলেনকে জানান, আজ আসামিপক্ষের করা তিনটি আবেদনের একটিরও কোনো সারবস্তু নেই। মূলত নানা অজুহাতে আসামিপক্ষ মামলাটির বিচার বিলম্বিত করতে চাইছে।
পর্যবেক্ষকের সঙ্গে আলোচনার বিস্তারিত বিবরণ দিয়ে চিফ প্রসিকিউটর বলেন, আসামির সঙ্গে তাঁর আইনজীবীর একান্ত পরামর্শ করার জন্য ট্রাইব্যুনালে কোনো ‘প্রাইভেট রুম’ আছে কি না, তা হেলেন জানতে চেয়েছিলেন। তখন তাঁকে সরেজমিনে দেখানো হয়েছে যে ট্রাইব্যুনালে আসামিদের রাখার জায়গার পাশেই একটি নির্দিষ্ট কক্ষ রয়েছে। সেখানে ‘প্রিভিলেজ কমিউনিকেশন’-এর জন্য আদালতের বাড়তি অনুমতির প্রয়োজন হয় না বলে স্থায়ী আদেশ (স্ট্যান্ডিং অর্ডার) রয়েছে। প্রতিদিন যেকোনো সময় আসামিরা তাঁদের আইনজীবীদের সঙ্গে দরজা বন্ধ করে যতক্ষণ ইচ্ছা পরামর্শ করতে পারেন।
চিফ প্রসিকিউটর আরও জানান, বিদেশি পর্যবেক্ষক হেলেন তাঁর কার্যালয়েও গিয়েছেন এবং পুরো ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ঘুরে দেখেছেন। তিনি ওই বিদেশি পর্যবেক্ষককে সবকিছু বিস্তারিতভাবে অবহিত করেছেন।