কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আ জ ম নাছির উদ্দিনের সন্ধানে তার আন্দরকিল্লায় অবস্থিত বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কোতোয়ালি থানার ১৫ থেকে ২০ জন পুলিশ সদস্য নাছিরের বাসায় প্রবেশ করেন।

নাছিরের বাসায় কর্মরত এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, পুলিশ সদস্যরা বাসায় তল্লাশি চালিয়েছেন। তিনি বলেন, “১৫ থেকে ২০ জন পুলিশ বাসায় প্রবেশ করেন। তারা আমাদের স্যার (আ জ ম নাছির উদ্দিন) কোথায় আছে জানতে চেয়েছেন। বাসায় তল্লাশিও করেছেন। পরে তারা চলে গেছেন।”

এই অভিযানের বিষয়ে জানতে চাওয়া হলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির নিশ্চিত করেন যে সেখানে অভিযান চালানো হয়েছে। তবে বিস্তারিত বিষয়ে তিনি বলেন, “অভিযান হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।”

উল্লেখ্য, আবু জাহেদ মোহাম্মদ নাছির উদ্দীন (আ জ ম নাছির উদ্দীন) চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন, যার কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। এছাড়া তিনি ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) পঞ্চম মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক ও প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি তিনি ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।