চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং আওয়ামী লীগ নেতা সলিমউল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ২টার দিকে নগরের এনায়েত বাজার এলাকায় অবস্থিত তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া সলিমউল্লাহ বাচ্চু বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এনায়েত বাজার ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে সুপরিচিত। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির মুক্তকণ্ঠকে বলেন, “সম্প্রতি নগরের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পেয়েছে পুলিশ। ওই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আজ দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে।”

উল্লেখ্য, সলিমউল্লাহ বাচ্চু ২০১৫ সালের চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনি একই ওয়ার্ড থেকে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর হিসেবে জয়লাভ করেন। ২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তী সরকার দেশের সকল সিটি করপোরেশনের কাউন্সিলরদের অপসারণ করার আগ পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

এর আগে ২০২৪ সালের ২২ অক্টোবর নগরের লাভলেইন এলাকা থেকে তাকে একবার গ্রেপ্তার করা হয়েছিল। ওই বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর কোতোয়ালি থানায় হামলা, অস্ত্র লুট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। উল্লেখ্য, ওই মামলায় অজ্ঞাতনামাসহ মোট ৪০ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছিল।

এদিকে সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ, ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা লক্ষ্য করা গেছে। এর মধ্যে কালুরঘাট, মনসুরাবাদ ও সাগরিকা এলাকায় তিনটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

গত ৬ নভেম্বর রাতে নগরের ষোলশহর দুই নম্বর গেট এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভবনের সামনে দুটি এবং ভূমি অফিসের সামনে একটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এসব ঘটনার প্রেক্ষিতে নগর পুলিশ ইতিমধ্যে অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করেছে।