ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের মিছিলে যোগ দেওয়ার অভিযোগে ছয় কিশোরকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে নগরীর কাশর বোররচর ভবনের সামনে তিন রাস্তার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশের দাবি, এই মিছিলে অংশ নেওয়ার জন্য প্রতিটি কিশোরকে ১০০ টাকা করে দেওয়া হয়েছিল।

আটক হওয়া কিশোরদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। তাদের মধ্যে দুজন যথাক্রমে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী। বাকিরা মুঠোফোন মেরামতকারী, অটোরিকশা মেকানিক, বাসের হেল্পার এবং জুতার দোকানের কর্মী হিসেবে কর্মরত।

জেলা পুলিশের পক্ষ থেকে আজ রাত সাড়ে নয়টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেল পাঁচটার দিকে কার্যক্রম নিষিদ্ধঘোষিত একটি সংগঠনের কয়েকজন নেতার নেতৃত্বে মিছিল বের হওয়ার সংবাদ পায় পুলিশ। এরপরই কোতোয়ালি মডেল থানার ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালিয়ে ওই ছয়জনকে আটক করে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিষিদ্ধ সংগঠনের কয়েকজন পলাতক সদস্যের নেতৃত্বে এই মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিলে অংশ নেওয়া কিশোরেরা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছিল। এই কাজে তাদের প্রত্যেককে ১০০ টাকা করে দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।

এই বিষয়ে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, “মিছিলে অংশ নেওয়ার জন্য প্রত্যেককে ১০০ টাকা করে দেওয়া হয়েছিল। এই অর্থের উৎস, সরবরাহকারী এবং মিছিলের আয়োজকদের শনাক্ত করতে তদন্ত চলছে।”

পুলিশ কর্মকর্তা আরও উল্লেখ করেন যে, আটক কিশোরদের কিশোর গ্যাংয়ের সঙ্গে কোনো সম্পৃক্ততা আছে কি না এবং এই মিছিলের পেছনে অন্য কোনো গোপন পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, “নাশকতা, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তদন্তে সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”