আওয়ামী লীগের সহিংসতা, সন্ত্রাস ও নাশকতার জবাব দিতে সরকার ও জনগণ প্রস্তুত বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি সতর্ক করে বলেন, প্রয়োজনে তাদের ভাষা তাদেরই বুঝিয়ে দেওয়া হবে। তবে এই পুরো প্রক্রিয়াটি আইন ও গণতান্ত্রিক কাঠামোর মধ্যেই পরিচালিত হবে। তিনি আরও উল্লেখ করেন, তারা যদি মনে করে, সন্ত্রাস ও নাশকতা চালিয়ে জনগণকে জিম্মি করবে এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করবে, তাহলে তারা ভুল করছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নতুন বাজারে বিএনপি কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়েছিল।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, “পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টির জবাব রাজনৈতিকভাবে এবং আইনের সর্বোচ্চ কঠোর প্রয়োগের মাধ্যমে দেওয়া হবে। গণতন্ত্রের সুযোগ নিয়ে কাউকে গণতন্ত্র ধ্বংস করতে দেওয়া হবে না। জনগণের জানমাল ও রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে কোনো আপস করা হবে না।”
তিনি সাধারণ জনগণ এবং বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান যেন তারা ফ্যাসিবাদী আওয়ামী গোষ্ঠীর দেশবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ান।
বক্তব্যের এক পর্যায়ে প্রিন্স বলেন, “আওয়ামী লীগ ও শেখ হাসিনা আধিপত্যবাদী শক্তির তুরুপের তাস হিসেবে ব্যবহৃত হচ্ছেন। তারা আবারও বাংলাদেশকে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করতে চান। কিন্তু যে জাতি বারবার রক্ত দিয়ে গোলামির জিঞ্জির ভেঙেছে, সেই জাতি আর কখনো ঘসেটি বেগমদের চক্রান্তে বিদেশি শক্তির আধিপত্য কিংবা পরাধীনতার শৃঙ্খল মেনে নেবে না।”
তিনি অভিযোগ করেন যে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সাধারণ মানুষকে হত্যা করেছে। এমনকি গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পরেও তারা হত্যা, সন্ত্রাস, নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, এসব অপরাধের কোনো ক্ষমা হতে পারে না এবং অপরাধীদের অবশ্যই আইনের আওতায় এনে বিচার করতে হবে।
প্রিন্স আরও বলেন, গত কয়েক দিনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎকে আরও সংকটাপন্ন করেছে। সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নেই। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।
এ সমাবেশে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী ফরিদ আহমেদ পলাশ ও মিজানুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান মহিউদ্দিন, হুমায়ুন কবির ও মনিরুজ্জামান স্বাধীনসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষ হওয়ার পর এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে একটি বিশাল মিছিল বের করা হয়। এই মিছিলটি হালুয়াঘাট পৌর শহর, সদর ইউনিয়নের শাপলা বাজার, কদমতলী বাজারসহ সীমান্তসংলগ্ন এলাকা, গাঙীনা, দর্শা, ইটাখোলা, নগুয়া, ধারা বজায়, নাগলা বাজার ও সরচাপুরসহ প্রায় ৩৫ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে।