কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চোরাগোপ্তা হামলা এবং অগ্নিসন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানিয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করেছে বিএনপি। এই কর্মসূচিতে অংশ নিয়ে আওয়ামী লীগকে ‘জঙ্গি ও সন্ত্রাসীদের দল’ হিসেবে অভিহিত করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে এই মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এলাকায় ব্যাপক দৃষ্টি আকর্ষণ করে। এরপর আব্দুল্লাহপুর এলাকায় একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নিপুণ রায় চৌধুরী বলেন, “আওয়ামী লীগ যে একটি জঙ্গি ও সন্ত্রাসীদের দল, তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তা আবারও প্রমাণিত হয়েছে।”

দলীয় নেতাকর্মীদের প্রতি রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “আমরা জনগণকে সহযোগিতা করতে, জনগণের পাশে থাকতে এবং সরকারকে সার্বিক সহযোগিতা করতে এখন থেকে রাজপথে থাকব। রাজপথে থেকে মানুষের জানমালের হেফাজত করব এবং রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সন্ত্রাসসহ সব প্রতিপক্ষকে মোকাবিলা করব—এটাই হোক আজ আমাদের শপথ।”

এই মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।